“অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতর…”- রোহিত বিতর্কে সৌগতকে এক হাত নিলেন মদন মিত্র!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে জিতিয়েছেন রোহিত শর্মা। তবে তারপরও তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর এই মন্তব্য ঘিরে এবার দলের মধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলেরই আরেক প্রবীণ নেতা মদন মিত্র সৌগতের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, “শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে, তখন মানুষ কষ্ট পায়।”
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মা ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। ভারতের জয়ের পরও সৌগত রায় দাবি করেন, “রোহিতের এখন অবসর নেওয়া উচিত। আজও যেভাবে স্ট্যাম্পড আউট হয়েছে, সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল, ও সেঞ্চুরি করবে। সেটা হয়নি।” তিনি আরও বলেন, “আজ ভাল খেলেছে, কিন্তু অবসর নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।”
সৌগত রায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার তৃণমূলের আরেক প্রবীণ নেতা মদন মিত্র কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “অশিক্ষিত লোক যখন শিক্ষিতের মতো কথা বলে, তখন খারাপ লাগে না। কিন্তু শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে, তখন মানুষ কষ্ট পায়।”
মদন আরও বলেন, “আমি একসময় ক্রীড়ামন্ত্রী ছিলাম। খেলোয়াড়দের মনোবল বাড়ানো উচিত। সৌগতবাবুর মন্তব্য পুরো টিমের মনোবলে আঘাত করতে পারে। তিনি দীর্ঘদিন ধরে সংসদে আছেন, তাঁর বলা কথার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।”
সৌগত রায়ের মন্তব্যকে তীব্র কটাক্ষ করে মদন মিত্র বলেন, “এগুলো করবেন না। আপনি যদি চান, আমার প্রতিপত্তি যতটুকু রয়েছে, তা খাটিয়ে রোহিতের জায়গায় আপনাকে টিমে জায়গা করে দিতে পারি! দেখা যাক, আপনি কেমন খেলেন!”
মদন মিত্র আরও বলেন, “সৌগতবাবুর মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল ও মিম হচ্ছে। মানুষ এটা ভালভাবে নেয়নি। সবাই বুঝতে পারছে, যেটা আপনার বিষয় নয়, সেখানে কেন ঢুকছেন! বাহাত্তরের (৭২) একটা ব্যাপার আছে, সেটা পেরিয়ে এখন বিরাশি (৮২) হয়ে গেছে।”
এই ঘটনা তৃণমূলের অন্দরেই ফাটল স্পষ্ট করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৌগত রায়ের মন্তব্যকে দলীয় অবস্থানের বাইরে বলেই মনে করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে মদন মিত্রের এই কটাক্ষের পর সৌগত রায় আবার কী বলেন, সেটাই দেখার।