“দানেদানে মে হ্যায় কেশর কা দম”- পানমশলার বিজ্ঞাপণের জেরে আইনি সমস্যায় 3 সুপারস্টার!

পানমশলার বিজ্ঞাপনের কারণে নতুন করে আইনি ঝামেলায় জড়ালেন শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ। জয়পুর ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন এই তিন বলিউড তারকাকে নোটিশ পাঠিয়েছে। অভিযোগ, তাঁরা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করেছেন।

এই বিজ্ঞাপনে বলা হয়েছে, “দানেদানে মে হ্যায় কেশর কা দম”, অর্থাৎ পানমশলার প্রতি দানায় কেশরের উপস্থিতি রয়েছে। তবে এই দাবিকে মিথ্যে ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল। তিনি ভোক্তা ফোরামের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন।

ভোক্তা ফোরামের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা এবং সদস্য হেমলতা আগরওয়াল অভিযোগ খতিয়ে দেখে নোটিশ পাঠানোর নির্দেশ দেন। নোটিশে বলা হয়েছে, পানমশলা প্রস্তুতকারী সংস্থা এবং বিজ্ঞাপনে অংশ নেওয়া অভিনেতাদের বিজ্ঞাপনের দাবির ব্যাখ্যা দিতে হবে। আগামী ১৯ মার্চের মধ্যে তাঁদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারীর আইনজীবীর যুক্তি, কেজি প্রতি কেশরের দাম প্রায় চার লক্ষ টাকা। অথচ মাত্র ৫ টাকার পানমশলায় কেশর থাকার দাবি করা হচ্ছে। যা একেবারেই অসম্ভব। পাশাপাশি কেশর স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু পানমশলা ক্ষতিকর—এতেও ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এখনও পর্যন্ত শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এই প্রথম নয়, এর আগেও পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক হয়েছে। অক্ষয় কুমারও একই বিজ্ঞাপনের অংশ ছিলেন, কিন্তু সমালোচনার মুখে পড়ে তিনি বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান।

এবার এই নতুন আইনি জটিলতা কী মোড় নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছে বলিউড এবং দর্শকমহল।