পঁচিশের IPL-এর প্রস্তুতিতে চেন্নাই শিবিরে চমক, একসঙ্গে অনুশীলনে ধোনি-অশ্বিন!

দীর্ঘ ৯ বছর পর চেন্নাই সুপার কিংসে প্রত্যাবর্তন করলেন রবিচন্দ্রন অশ্বিন। মরুশহরের আইপিএল নিলামে ৯.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে সিএসকে। এবার তিনি যোগ দিয়েছেন দলের প্রস্তুতি শিবিরে, যেখানে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একসঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাঁকে।
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা ছবি ও ভিডিওতে ধোনি-অশ্বিনকে একসঙ্গে দেখা গেছে। ২৭ ফেব্রুয়ারি ছিল সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের জন্মদিন, যেখানে ধোনি, ঋতুরাজসহ দলের অন্যান্য সদস্যদের সঙ্গে উদযাপন করতে দেখা যায় অশ্বিনকেও।
ইয়েলোব্রিগেডে ফিরে উচ্ছ্বসিত অশ্বিন বলেন, “সিএসকেতে ফিরে দারুণ লাগছে। ধোনির সঙ্গে আবার খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। এবার ঋতুরাজের নেতৃত্বে খেলব, যা আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে।”
অশ্বিন আরও জানান, ২০০৮-২০১৫ পর্যন্ত সিএসকের হয়ে খেলা তাঁর ক্রিকেট কেরিয়ারের বড় শিক্ষা ছিল, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে সাহায্য করেছে। প্রায় এক দশক পর ফের সিএসকের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।