“পেটের জন্য অনেক কিছুই করতে হয়”-অভিষেকের মন্তব্য নিয়ে শুভ্রাংশুকে কটাক্ষ দিলীপের

নিউটাউনের সিটি সেন্টার টু-তে আয়োজিত তৃণমূল কংগ্রেসের মেগাসভায় মুকুল রায়কে ‘বেইমান’ বলে কটাক্ষ করলেন দলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। বিজেপি নেতা কৌস্তভ বাগচীর সোশ্যাল মিডিয়া পোস্টে শুভ্রাংশুর হাসিমুখের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে। বিষয়টি নিয়ে চর্চার কেন্দ্রে চলে আসেন শুভ্রাংশু।
এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ শুভ্রাংশুকে কটাক্ষ করে বলেন, “পেটের জন্য অনেক কিছুই করতে হয়। কে বেইমান, কে কী, আমাদের জানার দরকার নেই।” তিনি আরও বলেন, “এ সমস্ত লোকেরা আমাদের দলেও এসেছিল, আবার চলেও গেছে। আমরা কাউকে বেইমান বলিনি। রাজ্য রাজনীতিতে কেউ আসছে, কেউ যাচ্ছে। বিজেপি এদের ওপর নির্ভর করে না। কিন্তু যারা কংগ্রেসের সঙ্গে বেইমানি করে তাদের তৃণমূল তৈরি করেছে।”
ভুয়ো ভোটার বিতর্কে ফের সরগরম রাজ্য রাজনীতি
রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে বিতর্ক তুঙ্গে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ভোটার নিয়ে আলোচনার পিছনে তৃণমূলের চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় পাঁচ থেকে দশ হাজার বাংলাদেশি ভোটার এনে ভোট করানো হবে, এই চক্রান্ত চলছে। তাই আগে থেকেই উল্টো প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।” তিনি আরও অভিযোগ করেন, “কুম্ভ ও সনাতন ধর্মের বিরোধিতা করছেন তৃণমূল নেতৃত্ব। হিন্দুদের উৎসবের ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন। পশ্চিমবঙ্গে হিন্দুরা মহারাষ্ট্র, হরিয়ানার মতো করে দেবে। তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে ঢোকানো হচ্ছে। হিন্দু ভোট যে তৃণমূলের বিরুদ্ধে যাবে, তা বোঝাই যাচ্ছে।”
অভিষেকের তোপ, ‘দলবিরোধী’দের তালিকা তৈরি
বৃহস্পতিবার আয়োজিত ওই মহাসমাবেশ থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মুকুল, শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম।” তিনি আরও বলেন, “অনেকেই সংবাদমাধ্যমের আলোয় ভেসে থাকার জন্য দলকে ছোট করছেন। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।” অভিষেক স্পষ্ট জানান, দলে থেকে যারা ‘দলবিরোধী’ কাজ করছেন, তাঁদের উপর নজর রাখা হচ্ছে।
এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। শুভ্রাংশুর হাসিমুখের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা আরও বেড়েছে। বিজেপি ও তৃণমূল উভয় শিবিরেই শুরু হয়েছে পাল্টা তোপ দাগার পালা।