একমাসের কিস্তি বাকি! লোন শোধ না করায় অসুস্থ বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গেল ব্যাঙ্কের লোকজন

লোনের কিস্তি মেটাতে না পারার জেরে এক চাঞ্চল্যকর ঘটনা! একটি ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, তারা এক অসুস্থ বৃদ্ধাকে জোর করে তুলে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। শোনা যাচ্ছে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়েছিল, এমনকি মারধরের অভিযোগও উঠেছে। এই ঘটনায় বৃদ্ধার পরিবার নরেন্দ্রপুর থানায় ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশও তদন্ত শুরু করেছে। বৃদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস বলছেন, এক মাসের কিস্তি দেওয়া বাকি ছিল, আর তারপর থেকেই তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

দেবাশিসের দাবি, মঙ্গলবার সকালে ব্যাঙ্কের কয়েকজন লোক তাঁদের বাড়িতে হানা দেয়। তর্কাতর্কির মধ্যেই হঠাৎ তাঁর অসুস্থ মাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। তিনি জানান, প্রায় পাঁচ মাস আগে ওই ব্যাঙ্ক থেকে এক লাখ টাকার লোন নিয়েছিলেন তাঁরা। সেই লোনের একটি কিস্তি বাকি পড়ে গিয়েছিল। এর আগেও তাঁরা ওই ব্যাঙ্ক থেকে দুবার লোন নিয়েছিলেন—একবার ৩০ হাজার, আরেকবার ৫০ হাজার। দুবারই টাকা শোধ করে দিয়েছেন।

দেবাশিসের কথায়, সম্প্রতি ব্যাঙ্ক থেকে বারবার ফোন করে তাঁদের লোন নিতে বলা হচ্ছিল। প্রয়োজনের তাগিদে এক লাখ টাকা লোন নেন, আর নিয়মিত কিস্তিও দিয়ে আসছিলেন। কিন্তু ফেব্রুয়ারির কিস্তি এখনও দিতে পারেননি। তারপরই এই ঘটনা ঘটে। অবশেষে দেবাশিসের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে। তবে বৃদ্ধা ও তাঁর ছেলের অভিযোগ, পুলিশের সামনেই ব্যাঙ্ক ম্যানেজার তাঁদের কাছ থেকে জোর করে মুচলেকা লিখিয়ে নেয়। মুচলেকায় লেখা হয়, মার্চের ১৫ তারিখের মধ্যে কিস্তির টাকা শোধ করতে হবে। এদিকে, ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।