OMG! “একে একে ৩ বাসে বিস্ফোরণ”-ইসরায়েলে হঠাৎ ছড়িয়ে পড়লো আতঙ্ক

ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিব শহরতলির দুটি এলাকায় পরপর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, ইসরায়েলজুড়ে বাস চালকদের গাড়ি থামিয়ে সন্দেহজনক বস্তু তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু জানায়, তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং তদন্ত চলছে।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে চলছে তল্লাশি, পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন যাতে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তু না থাকে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছবি প্রকাশ করলেও বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার ‘কান’ জানিয়েছে, বিস্ফোরণগুলো কোনো পরিকল্পিত হামলার অংশ কিনা তা খতিয়ে দেখছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট ও পুলিশ।

ইয়েদিওথ আহরোনোথ জানায়, বিস্ফোরণের পর ব্যাট ইয়ামের সব হালকা রেল চলাচল বন্ধ রাখা হয়। একইসঙ্গে দেশজুড়ে বাসচালকদের সতর্ক থাকতে এবং সন্দেহজনক বস্তু খুঁজে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, হোলোন ও ব্যাট ইয়ামে দুটি অবিস্ফোরিত ডিভাইস পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ” লেখা ছিল।

এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম চ্যানেল ১২।

এদিকে, চ্যানেল ১৩ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন এবং পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন।

নেতানিয়াহু পরিস্থিতি মূল্যায়ন করতে শিগগিরই একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা সভা ডাকার পরিকল্পনা করেছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।