“প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু ভারতকে ১৮২ কোটি কেন দেব?”- অকপট ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মার্কিন সফরের পরই ভারতকে দেওয়া ১৮২ কোটি টাকার আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করল আমেরিকা। ইলন মাস্কের অধীনে থাকা সরকারি দক্ষতা দফতর (DOGE) রবিবার জানায়, ভারতীয় ভোটারদের বুথমুখী করতে বরাদ্দ ২১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা) অনুদান বন্ধ করা হচ্ছে। আজ সেই সিদ্ধান্তকে সমর্থন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
কেন বন্ধ হল অনুদান?
ফ্লোরিডা থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, “আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি কেন? ওদের প্রচুর টাকা আছে। ভারত বিশ্বের অন্যতম উচ্চ কর আরোপকারী দেশ। ওরা এত বেশি কর নেয় যে আমরা সেভাবে ব্যবসাই করতে পারি না।”
ট্রাম্প আরও বলেন, “আমি ভারত ও তাদের প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু ভারতের নির্বাচনে ভোটার টার্নআউট বাড়ানোর জন্য আমরা কেন টাকা দেব? এটা কি আমাদের নির্বাচনের সঙ্গে সম্পর্কিত?”
এশিয়ার অন্যান্য দেশেও অর্থবরাদ্দ বাতিল
শুধু ভারত নয়, মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের জন্য বরাদ্দ ২৯ মিলিয়ন ডলার ও নেপালের জন্য বরাদ্দ ৩৯ মিলিয়ন ডলার অনুদানও বাতিল করেছে। DOGE-এর তরফে জানানো হয়েছে, এই অনুদানকে “অতিরিক্ত ও যুক্তিহীন খরচ” হিসেবেই দেখা হচ্ছে।
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত ভারত-মার্কিন সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।