প্রয়াগরাজের গঙ্গায় স্নান যোগ্য নয়, মলমূত্রে থাকা জীবাণুর মাত্রা বেশি! দাবি কেন্দ্রের রিপোর্টে

কোটি কোটি মানুষ প্রতি বছর গঙ্গাস্নানে এসে পূণ্য অর্জনের আশায় প্রয়াগরাজে পৌঁছান। তবে, কেন্দ্রীয় সরকারের একটি নতুন রিপোর্ট এই বিশেষ বিশ্বাসের উপর বড় ধরনের প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) জানিয়েছে, গঙ্গার জল স্নানযোগ্য নয়, কারণ সেখানে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা অনেক বেশি।
পূণ্যার্থীদের জন্য মহাকুম্ভ মেলায় স্নানের জন্য গঙ্গার জল পরীক্ষা করা হয়েছিল ১২-১৩ জানুয়ারি। রিপোর্টে বলা হয়েছে, ওই সময়ে প্রয়াগরাজে গঙ্গার জল স্নান করার যোগ্য ছিল না, কারণ এতে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা অত্যাধিক ছিল। এই ব্যাকটেরিয়া সাধারণত মানুষের ও পশুর মলমূত্রে থাকে এবং তা জলে মিশে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, মহাকুম্ভের শাহি স্নানের দিনগুলোতে পুণ্যার্থীদের ভিড়ের কারণে এই জীবাণুর মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
এই রিপোর্টের পর পরিবেশ আদালত যোগী সরকারের প্রশাসনকে তলব করেছে। ১৯ ফেব্রুয়ারি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মকর্তাদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির হয়ে রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে। আদালত জানতে চেয়েছে, কীভাবে উত্তরপ্রদেশ সরকার নদীর জল দূষণের মাত্রা কমাতে ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, নির্ধারিত সীমা অনুযায়ী, প্রতি ১০০ মিলিলিটার জলে সর্বাধিক ২৫০০ ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া থাকা স্বাভাবিক এবং এটি খুব বেশি ক্ষতিকর নয়। তবে, প্রয়াগরাজের গঙ্গার জলে এই সীমার চেয়ে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে, যার ফলে স্নান করা বিপজ্জনক হতে পারে।
এই ঘটনার পর পরিবেশ আদালত আরো একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছে, যাতে জানা যাবে, উত্তরপ্রদেশ সরকার এই সমস্যা মোকাবিলায় কী পদক্ষেপ করছে।