Weather: ঠান্ডায় এক ধাক্কায় ৪ ডিগ্রি তে নামবে পারদ, সরস্বতী পুজোর আগে কি বৃষ্টি? জানুন আপডেট

শনিবারের তুলনায় রবিবার পারদ ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় প্রজাতন্ত্র দিবসে ঠান্ডার মনোরম পরিবেশ উপভোগ করেছে বঙ্গবাসী। সঙ্গে ছিল কুয়াশার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমবে এবং উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। চলুন জেনে নেওয়া যাক, জানুয়ারির শেষ সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া।
রাজ্যে শীতের প্রত্যাবর্তন:
বাংলায় শীতের আসা-যাওয়ার খেলা চলছে। ২৬শে জানুয়ারি, রবিবার থেকে তাপমাত্রার পরিবর্তন শুরু হয়েছে। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমবে। তবে, বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, তবে এর স্থায়িত্ব বেশি দিন থাকবে না, কারণ বুধবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।
কুয়াশার দাপট যেসব জেলায়:
এই সপ্তাহে বাংলার ৯টি জেলায় সকালে কুয়াশার দাপট দেখা যাবে। কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। তবে, বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার দাপট থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতেও সকালে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদার কিছু অংশে ঘন কুয়াশা পড়তে পারে।
কলকাতার আবহাওয়া:
জাঁকিয়ে শীত না পড়লেও শীতের প্রত্যাবর্তন হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শীতের এই শেষ পর্যায় সরস্বতী পুজো পর্যন্ত থাকতে পারে। এই সময়ে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। তবে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবারের পর তাপমাত্রা বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।
জাঁকিয়ে শীত আর নয়:
এই মাঘ মাসে তেমন জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। আবহাওয়াবিদরা স্পষ্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। এরপরের দুই দিনে তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।