Weather: বাংলার ৩ জেলায় বৃষ্টি, ২৪ ঘণ্টা পর ফিরছে কনকনে ঠান্ডা; জানুন আবহাওয়া আপডেট

আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। শীতের আমেজ যেন এসেই হারিয়ে যাচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝার দাপটে। পারদ চড়ে যাওয়ায় শীতের অনুভূতি প্রায় উধাও হয়ে গিয়েছিল। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের ৩ জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছিল। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছিল। তবে আবহাওয়ার এই পরিবর্তনের পর শীত তার বাকি ইনিংস শুরু করবে বলে আশা করা হচ্ছে। গত এক সপ্তাহে বীরভূম ও পুরুলিয়ার মতো জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় শীতের শিরশিরানি অনুভূত হয়নি। তবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন না ঘটলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে শুরু করবে এবং মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ৩টি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। এছাড়া, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গেও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং আগামী ৩ দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে, শীতপ্রেমীরা আবারও জ্যাকেট, সোয়েটার বের করার জন্য প্রস্তুত হতে পারেন।