OMG! ছেলে দুষ্টুমি করায় গলায় ফাঁস লাগিয়ে ‘খুন’, থানায় গিয়ে আত্মসমর্পর্ন করলেন মা

বারবার বিরক্ত করায় রাগের বশে আট বছরের ছেলেকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, ঘটনার পরেই তনুজা মণ্ডল নামের ওই মহিলা নরেন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুলিশের কাছে রাগের মাথায় ছেলেকে খুন করার কথা স্বীকার করেন। রবিবার সোনারপুর গ্রামীণ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সেই সময় সংবাদমাধ্যমের সামনেও তিনি খুনের কথা স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, আজই (রবিবার) তনুজাকে বারুইপুর আদালতে তোলা হবে। একই দিনে মৃত শিশুটির দেহের ময়নাতদন্তও করা হবে বলে পুলিশ সূত্রে খবর। শিশুটির নাম দেবজিৎ মণ্ডল, সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে তনুজার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অনেকের দাবি, তনুজা শুধু বাড়িতেই অশান্তি করতেন না, বরং পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও প্রায়ই ঝামেলা করতেন ও বচসায় জড়াতেন। শুধু এই শিশুই নয়, এর আগেও তনুজার বিরুদ্ধে তার ছোট ছেলেকে মারার অভিযোগ উঠেছিল, যখন তার বয়স ছিল মাত্র দেড় বছর। যদিও সেই সময় এই অভিযোগের স্বপক্ষে কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বর্তমান ঘটনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “খুন করার পরেই তনুজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে আসে ঘটনার পুনর্গঠনের জন্য। তারপর আবার তাকে থানায় ফিরিয়ে নিয়ে যায়।” এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।