Weather: কুয়াশাচ্ছন্ন বাংলায় বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন শীতের তীব্রতা বাড়বে কবে থেকে?

রবিবারের ধারাবাহিকতায় সোমবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট অব্যাহত। এর মধ্যেই রবিবার থেকে বাংলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া আটকে যাবে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার প্রভাব বাড়বে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

কুয়াশার দাপট বাংলা জুড়ে:

হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার তারতম্য এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচেও নেমে আসতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ—এই জেলাগুলিতে কুয়াশার দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে। দক্ষিণবঙ্গেও কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। আগামী দু’দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কুয়াশার দাপট বেশি থাকবে এবং দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি আসতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

উত্তরবঙ্গের দার্জিলিঙে মঙ্গলবার বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি—এই চারটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বেশি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। তবে বুধবার বিকেল থেকে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। এদিকে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে।

তাপমাত্রা ফের কমবে কবে?

বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কোনো কোনো জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিনে তাপমাত্রার বেশ তারতম্য দেখা যাবে। প্রথম দু’দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে কোথাও মঙ্গলবার, আবার কোথাও বুধবার থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে। সোম ও মঙ্গলে ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার রাত ও বুধবার ভোর থেকে ফের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু-তিন দিন অর্থাৎ সপ্তাহান্তে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ফলে শীতের আমেজ বজায় থাকবে সেই সময়। যদিও কনকনে ঠান্ডা কবে পড়বে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।