বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে নষ্ট করছে ফসল-চাষিদেরও মারধর, গুরুতর অভিযোগ মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার আখেরি গঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চর ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় দুই ভারতীয় কৃষক জখম হয়েছেন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কৃষকদের উপর হামলার অভিযোগ উঠেছে। জখম কৃষকদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন কৃষক সীমান্তবর্তী এলাকায় তাদের জমি দেখাশোনার কাজ করছিলেন। সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে। এই ঘটনায় দুই ভারতীয় কৃষক গুরুতরভাবে জখম হন।

খবর পেয়ে ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, সীমান্তের বেশ কিছু জায়গায় পিলার না থাকার সুযোগ নিয়ে বাংলাদেশিরা প্রায়ই ভারতে ঢুকে হামলা চালায়। তাদের অভিযোগ, কাঁটাতারের বেড়াও না থাকায় বাংলাদেশিরা সহজেই সীমান্ত অতিক্রম করে ভারতীয় কৃষকদের ফসল নষ্ট করে এবং গরু দিয়ে খাইয়ে দেয়। বিধায়ক রিয়াত হোসেন সরকার বর্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে আখেরীগঞ্জের নির্মলচর মাঝচর বিএসএফ ক্যাম্পে কোম্পানি কমান্ডারের সঙ্গে আলোচনা করেন।

গ্রামবাসীদের অভিযোগ, সীমান্তের কিছু এলাকা অবহেলিত অবস্থায় পড়ে থাকার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে বাংলাদেশিরা প্রায়ই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের ক্ষতি করছে।

এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা সীমান্ত সুরক্ষা জোরদার করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে আরও তদন্ত চলছে।