Weather: নিম্নচাপের বাধায় প্রায় ‘উধাও’ শীত, বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যাওয়ায় শীতের আমেজ উপভোগ করছিলেন শহরবাসী। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ফের বঙ্গের ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এর প্রভাবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। শনিবারের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে দৃশ্যমানতা বাড়বে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। বুধবার তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্য কোনো জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।
এই নিম্নচাপটির অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। ইতিমধ্যেই তামিলনাডুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বড়দিনে বঙ্গে শীত ফিরবে কিনা, সেই প্রশ্ন উঠছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপের প্রভাব কেটে গেলে বড়দিনে শীত ফেরার সম্ভাবনা রয়েছে।