NCERT টেক্সটবুকের দাম কমেছে অনেকটাই,মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তিতে অভিভাবকরা

এই মূল্যবৃদ্ধির বাজারে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, সেখানে পড়ুয়াদের জন্য এল এক সুখবর। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) ঘোষণা করেছে যে তাদের পাঠ্যপুস্তকের দাম কমতে চলেছে।
সোমবার NCERT জানিয়েছে, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের দাম ২০ শতাংশ পর্যন্ত কমানো হবে। এই নতুন দাম আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। NCERT-এর ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন। তিনি জানান যে এই প্রথমবার পাঠ্যপুস্তকের দাম এতটা কমানো হচ্ছে। এএনআই সূত্রে খবর, তিনি বলেন, “এই বছর আরও ভালোভাবে কাগজ সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং আধুনিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই আমরা মনে করেছি এর সুবিধা পড়ুয়াদের কাছেও পৌঁছে দেওয়া উচিত।” এর ফলস্বরূপ, এখনকার দামের চেয়ে ২০ শতাংশ কমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক পাওয়া যাবে। বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত NCERT-এর প্রতিটি পাঠ্যপুস্তকের দাম ৬৫ টাকা।
শুধু দাম কমানোই নয়, অনলাইনেও যাতে সহজে পাঠ্যপুস্তক পাওয়া যায়, তার জন্য ফ্লিপকার্টের সঙ্গে একটি মৌ (MOU) স্বাক্ষর করেছে NCERT। এছাড়াও অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা সহজেই বইগুলি পেতে পারে। NCERT প্রতি বছর প্রায় ৩০০ রকমের ৪-৫ কোটি পাঠ্যপুস্তক ছাপে।
এই পদক্ষেপের ফলে মূল্যবৃদ্ধির চাপে থাকা অভিভাবকদের কিছুটা সুরাহা হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা আরও সহজলভ্য হবে বলে আশা করা যায়।