Cyclone: ল্যান্ডফল শেষ হলেও দুর্যোগ অব্যাহত, জেনেনিন কখন শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড় ‘দানা’-র

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় দানা শুক্রবার সকালে পুরোপুরি স্থলভাগ অতিক্রম করেছে। ওড়িশার ধামরা উপকূলে ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। যদিও ল্যান্ডফল শেষ হয়ে গেছে, তবে ওড়িশার উপকূলীয় এলাকায় এখনও ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত চলছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় দানা দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালা, ঝাড়খণ্ড, বিহার এবং তামিলনাড়ুতেও ঝড়ের প্রভাব দেখা গিয়েছে। এই রাজ্যগুলিতে যথাক্রমে লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ওড়িশার ধামরা উপকূল ঘূর্ণিঝড় দানার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। ওডিশা সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কাজে ব্যস্ত রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ভুবনেশ্বরের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি জানিয়েছেন, এই সাইক্লোনের ফলে কোনও প্রাণহানি হয়নি।
ওড়িশা সরকার আগাম সতর্কতা অবলম্বন করেছিল। উপকূলীয় এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এই প্রস্তুতির ফলে প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে।