“রাত দখলে মদ কিনছেন মহিলারা”- বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিতর্কিত মন্তব্যে ফের জ্বলে উঠল রাজ্য রাজনীতি। মহিলারা ‘রাত দখল’ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদ জানাচ্ছেন, সেই সময় মদ্যপান করছেন বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকের নির্দেশ সত্ত্বেও, মন্ত্রী মহিলাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে বিতর্ক বাড়িয়েছেন।

‘রাত দখল’ কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলারা যখন তাদের অধিকারের জন্য লড়াই করছেন, তখন রাজ্যের একজন মন্ত্রী তাদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন। মন্ত্রী স্বপন দেবনাথের এই বক্তব্য মহিলাদের প্রতিবাদের মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।

পূর্ব বর্ধমানের কালনায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে নতুন বাসস্ট্যান্ড উদ্বোধনে গিয়ে স্বপন বলেন,’পুজোয় মন নেই বলে সবচেয়ে প্রতিবাদী মুখ। সেই আবার পুজোয় স্ত্রীর জন্য কালনা শহরের বড় বড় দোকানগুলি থেকে দামি দামি শাড়ি কিনছেন। তিনিই সবচেয়ে বেশি বাজার করছেন। আমি নিজে শাড়ির দোকানগুলির সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছি। আমি গাড়িতে যেমন উঠি, রাস্তাতেও হাঁটি। এই সব আমার নিজের চোখে দেখা’।

তিনি আরও বলেন,’আরজি করের ঘটনা নিয়ে অনেকে রাত জাগো, রাত পাহারা কর্মসূচিতে নেমেছেন। মায়েদের রাত জাগার মতো পরিস্থিতি আছে বলেই তো তাঁরা নামতে পারছেন’।

তিনি যোগ করেন,’আমার এলাকায় রাতে একটি দোকানে মদ খাচ্ছে মেয়েরা। খবর পাওয়ার পর আমি দু-বার সেখানে গিয়ে বলে এসেছি, কোন মহিলারা রাতে মদ খাচ্ছে সেটা দেখতে! আমি হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে আর কোনও মহিলা যেন হোটেলে মদ না খায়। কারণ এটাও আমাদের দেখতে হবে ওই মহিলা যদি মদ খেতে গিয়ে কোনও অঘটন ঘটে যায় তখন কী হবে,এজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে’।