BigNews: ‘সন্দেশখালির পিয়ালির গ্রেফতার বেআইনি’, মুক্তির নির্দেশ দিলো হাইকোর্ট

সন্দেশখালির পিয়ালি দাস ওরফে মাম্পিকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। একইসাথে, তাকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলার শুনানি চলাকালীন বিরক্তি প্রকাশ করে প্রশ্ন তোলেন, “যে অপরাধ জামিনযোগ্য, তার জন্য কীভাবে জামিন অযোগ্য ধারা দেওয়া হল? পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে না কেন? ম্যাজিস্ট্রেট কী করছিলেন? কেন তদন্তের ডায়েরি দেওয়া হয়নি? তাহলে ম্যাজিস্ট্রেটের ভূমিকা কী ছিল?”
আদালত আরও বলেছে, “রাজ্য সরকার এই আদালতকে অবজ্ঞা করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টকে তো অবজ্ঞা করতে পারে না। সুপ্রিম কোর্টের একাধিক আদেশ থাকা সত্ত্বেও, ম্যাজিস্ট্রেট যান্ত্রিকভাবে জামিন অযোগ্য ধারা যোগ করার আবেদনে সাড়া দিতে পারেন না। একজন মহিলা এখনও কারাগারে! এই ঘটনার পেছনে কে আছে? কার মাথায় এসব ষড়যন্ত্র?”
বিচারপতি আরও বলেন, ‘আমি উদ্বিগ্ন ম্যাজিস্ট্রেটের আচরণ নিয়ে। ন্যূনতম কোর্ট অর্ডারগুলো এরা জানে না! কলকাতা হাইকোর্টের এমন ক্ষেত্রে ১০টা অর্ডার দেওয়া আছে। সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত অর্ডার সব থানার পুলিশ, এমনকী নিম্ন আদালতেও পাঠাতে হবে।’