BigNews: পতঞ্জলি মামলায় নয়া মোড়, এবার সুপ্রিম কোর্টে তিরস্কৃত ডাক্তাররা

যোগগুরু রামদেব ও বালকৃষ্ণকে তাদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য বারবার সুপ্রিম কোর্টে হাজির হতে হয়েছিল। আদালতের নির্দেশ মেনে তারা সংবাদপত্রে ক্ষমাও চেয়েছিলেন।

কিন্তু বুধবার, একই অপরাধে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি এ. আমানুল্লাহর বেঞ্চ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে (আইএমএ) তীব্র ভর্ৎসনা করে।

আইএমএ সভাপতি রমেশ অশোকান সম্প্রতি একটি সাক্ষাৎকারে পতঞ্জলি মামলা নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই প্রেক্ষাপটে, পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ, অশোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

বিচারপতি কোহলি এই বিষয়ে মন্তব্য করেছেন, “আপনারা বলছেন যে পতঞ্জলি আয়ুর্বেদ আপনাদের ওষুধের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে, কিন্তু আপনারা কি করছেন?”

উল্লেখ্য, পতঞ্জলি মামলার সূত্রপাত হয়েছিল আইএমএ-এর একটি আবেদনের ভিত্তিতে। তারা রামদেব ও বালকৃষ্ণের কোম্পানির বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করেছিল। আইএমএ অভিযোগ করেছিল যে বিজ্ঞাপনগুলিতে অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার করা হয়েছে। এছাড়াও, তারা অভিযোগ করেছিল যে পতঞ্জলির পণ্য নির্দিষ্ট রোগ নিরাময় করতে পারে বলে মিথ্যা দাবি করা হচ্ছে।