“ওষুধের দাম বাড়ছে কেন?”- বৃদ্ধের ঝাঁঝালো প্রশ্নের মুখে মেজাজ হারালেন দিলীপ ঘোষ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার অষুধের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের এক বৃদ্ধ বিষ্টু সরকার অভিযোগ করলেন দিলীপ ঘোষের কাছে।
তিনি বলেন, ‘আমার তিন হাজার টাকার মতো ওষুধ লাগে। পেপারে দেখাচ্ছে আপনারা ইলেকট্রল বন্ড নিচ্ছেন তার জন্য ওষুধের দাম বাড়ছে। আমার তিন হাজার টাকার জায়গায় ৩৫০০ টাকা লাগছে।’
পালটা দিলীপ ঘোষ বলেন, ‘ওরা বলছে আপনি বিশ্বাস করেন। ওরাও নিয়েছে বন্ড, যারা বলছে।’ সেই নাগরিকের জবাব, ‘সিপিএমই তো মামলা করল। ওরা তো টাকা নেয় নি।’ কিছুটা মেজাজ হারিয়ে দিলীপ এবার যুক্তি দিতে থাকেন। তাঁর কথায়, এর সঙ্গে ওষুধের কি সম্পর্ক? মোদিজী জন-ঔষুধী দোকান দিয়েছে। সেখানে ৯০% ডিসকাউন্ট। সেখান থেকে ওষুধ কিনুন। আপনি খোঁজ রাখুন।
পালটা সেই বৃদ্ধ জানান, কোথায় ডিসকাউন্ট? আমরা তো কিনতে যাই। আমাদের তো ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। প্রতিনিয়ত দাম বাড়ছে। দিলীপ ঘোষ জিজ্ঞাসা করেন, ‘আপনার বয়স কত? তখন কত দাম ছিল?’ উত্তর আসে – ১৪ সালে এত দাম ছিল না। বৃদ্ধের একের পর এক আক্রমণের মুখে পড়ে দিলীপ বলেন, ‘ফ্রিতে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। বিনামূল্যে ৮০ কোটি লোক চাল পাচ্ছে। অনেক দিয়েছেন আপনারা। আমি জানি আপনি কি বলতে চাইছেন। দেখলে বোঝা যায়। বাংলাকে শ্মশান করেছেন আপনারা।’
বিষ্টু সরকারের কথায়, ‘উনি আমাকে বলছেন আমি নাকি সিপিএমের লোক। এটা কেন বলবেন? আমি তো ভোটার হিসেবে ওঁকে প্রশ্ন করতেই পারি! উনি তো উত্তর দিতে বাধ্য।’