‘মা বলে চুমু খেলে কী সমস্যা?’ খগেনের পাশে দাঁড়ালেন মহিলা, BJP নেতা দিলেন জবাব

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

তৃণমূলের তরফে একাধিক ছবি পোস্ট করে দাবি করা হয়, ‘আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে নিজের ইচ্ছায় একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদীর পরিবার।’

খগেন বলেন, ‘এটা কোনও বলার বিষয়ই নয়, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এগুলো করে। মা বোন সবার বাড়িতে আছে, বাচ্চাদেরকে সবাই আদরই করে। মায়েদের যদি শ্রদ্ধা সব চাইতে কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি। এইসব নিয়ে ঘাঁটাঘাঁটির কী আছে? তৃণমূল নিজের সংস্কৃতি করবে। আমার নির্বাচন করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে।’

এই বিষয়ে মুখ খুলেছেন ওই মহিলাও। তিনি বলেন, ‘মা বলে যদি গালে একটা চুমু খান, তাতে কী সমস্যা আছে। যারা এইসব করছে, তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদেরও তো বাড়িতে মেয়ে আছে। আমার একপাশে মা, আর এক পাশে বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারা তো সবই দেখেছেন, এটা ভাইরাল করারই বা কী হয়েছে। এতে তো খারাপ কিছু নেই!’