গোপনে ইসরায়েলের কাছে ১০০ ধরনের অস্ত্র বিক্রি করেছে আমেরিকা, ফাঁস হলো তথ্য!

গাজা ভূখণ্ডে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গোপনে ইসরায়েলের কাছে হাজার হাজার বোমাসহ ১০০ ধরনের বেশি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এই সামরিক আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে যার অধিকাংশই নারী, শিশু ও বেসামরিক লোকজন। এছাড়া আহত হয়েছে ৮ হাজারের বেশি শিশু এবং ৬ হাজারের বেশি নারীসহ ৭২ হাজারেরও বেশি মানুষ।
বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট।
মার্কিন কর্মকর্তা ও আইন প্রণেতাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদের একটি গোপন ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের কাছে বিক্রয় করা অস্ত্রের মধ্যে রয়েছে- হাজার হাজার নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের বোমা, বাঙ্কার বাস্টার, ছোট বন্দুক এবং অন্যান্য প্রাণঘাতী সহায়তা।
যেকোনো দেশে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে অবহিত করার নিয়ম থাকলেও জনসাধারণ ও কংগ্রেসের অগোচরেই ইসরায়েলে এসব অস্ত্রের চালান স্থানান্তর করা হয়েছিল।
ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, বাইডেন প্রশাসন বর্তমানে ইসরায়েলে ১৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাতে চাইছে এবং মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন সময়ে দেশটিকে গোপনে সামরিক সহায়তা দেওয়া খবর এলো, উদ্বেগ বাড়াচ্ছে।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে যথাসম্ভব বাধা দিচ্ছে ইসরায়েল।
১৯৬১ সালের বৈদেশিক সহায়তা আইন অনুযায়ী- যুক্তরাষ্ট্র এমন কোনো দেশকে সাহায্য প্রদান করবে না, যে দেশের সরকার মানবিক সহায়তা পরিবহন বা বিতরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ বা বাধা দেয়।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইসরায়েলি মন্ত্রীরা অবরুদ্ধ গাজা উপত্যকায় সাহায্য প্রবেশে বাধা দিচ্ছেন, ইসরায়েলকে অব্যাহত মার্কিন সহায়তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তারপরও ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে।
প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে।
জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন।
সূত্র: আনাদোলু এজেন্সি