বিশেষ: শূন্য পকেটে ঝোলা নিয়ে ছেড়েছিলেন বাড়ি, তারপর কেমন ছিল মোদীর জীবন

অনেক ছোট বেলাতেই তিনি বাড়ি ছেড়েছিলেন। সঙ্গে একটি ঝোলা ছাড়া কিছু নেননি বলে দাবি স্বয়ং মোদীর। সেই সময় কী ভাবে জীবনধারণ করেছিলেন? বারাসতের সভা থেকে এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন মোদী বলেন, ‘আজ সমস্ত মা বোনেরা বলছেন আমি মোদীর পরিবার। আমি জীবনের একটি অধ্যায় যা সচরাচর বলি না তা বলতে চাই। কিছু মানুষ মনে করেন কেউ আমাকে কটু কথা বলেছে বলে এদের পরিবার বলছি। কিন্তু, আজ সত্যি কথা বলতে চাই। অনেক ছোটবেলায় আমি একটা ঝোলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘পরিব্রাজকের মতো দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খুঁজছিলাম। আমার পকেটে কখনও এক পয়সাও থাকত না, কিছু খুঁজছিলাম। আমার পকেটে কখনও এক পয়সাও থাকত না। কিন্তু, আপনাদের গর্ব হবে, পকেটে পয়সা ছিল না, ভাষা জানতাম না, কিন্তু কোনও না কোনও পরিবার আমাকে খাওয়ার জন্য জিজ্ঞাসা করত। বছরের পর বছর আমি পরিব্রাজক ছিলাম। কিন্তু, একটা দিনও আমি খালি পেটে ছিলাম না। তাই আমি বলি এটাই আমার পরিবার। সমস্ত ভারতবাসী আমার পরিবার। যখন আমার কোনও পরিচিতি ছিল না, সেই সময় দেশের গরিব পরিবার আমার চিন্তা করেছে। তাই আমি আজ যখন গরিবদের জন্য, মা-বোনেদের জন্য কিছু করতে চাই তার কারণ দেশ যে আমার পরিবার তা আমি বুঝতে পেরেছি। সেই ঋণই আজ শোধ করছি।’