সিংহের নাম আকবর-সীতানিয়ে বিতর্ক, বন আধিকারিককে সাসপেন্ড করলো সরকার

বেঙ্গল সাফারিতে ‘আকবর’ নামের সিংহ ও ‘সীতা’ নামের সিংহীর একসাথে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই ঘটনায় ত্রিপুরার একজন IFS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি, ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা জুলজিক্যাল পার্ক থেকে ‘আকবর’ ও ‘সীতা’ নামের সিংহ-সিংহীকে ‘পশু বিনিময় প্রোগ্রাম’-এর অংশহিসেবে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়।ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণ আধিকারিক প্রবীণ লাল আগরওয়াল এই প্রোগ্রামটির দায়িত্বে ছিলেন।১৯৯৪ ব্যাচের IFS অফিসার, যিনি ত্রিপুরা থেকে এই সিংহ-সিংহীকে শিলিগুড়িতে পাঠানোর নেপথ্যে মূল ভূমিকা পালন করেছিলেন, তাকে বিতর্কের কেন্দ্রে থাকা নামকরণের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ (VHP) মুঘল সম্রাট আকবরের সঙ্গে পৌরাণিক চরিত্র সীতার কোনও মিল নেই বলে আপত্তি জানায়।VHP-র দাবি, রাজ্যের বন দফতর সিংহ-সিংহীর নামকরণ করে ধর্মীয় অবমাননা করেছে।সংগঠনটি সিংহটির নাম বদলের দাবি তোলে এবং মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে।

আদালত প্রশ্ন তোলে, “বিতর্কের জন্য কে এসব নাম রেখেছেন? কোনও পশুর নাম ভগবান, পৌরাণিক নায়ক, স্বাধীনতা সংগ্রামী বা নোবেল প্রাপকদের নামে রাখা যায় কি?”
আদালতের মতে, “এই ধরনের নাম এড়িয়ে যাওয়া উচিত।”

বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সিংহ ও সিংহীর নাম বদল করার আশ্বাস দেয়।ত্রিপুরা সরকার IFS অফিসারকে সাসপেন্ড করে।

এই ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পশুদের নামকরণের ক্ষেত্রে স্পর্শকাতর বিষয়গুলি এড়িয়ে চলা উচিত বলে মনে করছেন অনেকে।