BigNews: ২০০০ টাকার নোট বদলের লাইনে ঝামেলা, জখম ৭ জন

কলকাতার বিবাদী বাগ চত্বর বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে দু’হাজার টাকার নোট বদলের লাইন নিয়ে। ঘটনায় ৭ জন আহত হন। তবে সকলের অবস্থা স্থিতিশীল। এর জেরে বেশ কিছুক্ষণ রিজার্ভ ব্যাঙ্কের মেন গেট বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কে ২ হাজার টাকার নোট বদলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে বাড়ি চলে যেতে বলেন স্থানীয় কয়েকজন। অভিযোগ, রাত থেকে টাকা বদলানোর লাইন দিয়েছেন এলাকার কিছু লোক। ফলে টাকা বদল করতে হলে তাঁদের মাধ্যমেই করতে হবে। এমনকী, এই কাজের জন্য ওই লোকদের টাকাও দিতে হবে। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় টাকা বদলাতে আসা কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ।
তৃণমূল দলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে জড়িত স্থানীয় কংগ্রেস কাউন্সিলার সন্তোষ পাঠক। তৃণমূল নেতাদের দাবি, নোট বদলের লাইন থেকে তোলা এবং টাকা বদলের জন্য টাকা আদায় করছেন সন্তোষের অনুগামীরা।
ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কংগ্রেসের স্থানীয় কর্মীরা পাল্টা অভিযোগ করেছেন যে, তৃণমূল ক্যাডাররাই টাকা তুলছিল।
সন্তোষ পাঠক অভিযোগ অস্বীকার করে বলেছেন, “কারা টাকা চাইছে সিসিটিভি ফুটেজ দেখলেই তা স্পষ্ট হবে। এদিন সকালে স্থানীয় কিছু বাসিন্দা ঝামেলার খবর আমাকে জানান। এরপরেই আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”
তৃণমূল নেতা রাজেশ সিং দাবি করেছেন, “দলের কেউ নোট বদলের লাইনে দাঁড়ায় না। এই অভিযোগ পুরোপুরি মিথ্যা।”
রাজেশ আরও জানিয়েছেন, আগামী দিনে যাতে নোট বদলের লাইনে দাঁড়ানো নিয়ে কোনও ঝামেলা না হয় সেজন্য পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছেন।
কলকাতা পুলিশের এক কর্তা বলেছেন, “কী কারণে ঝামেলা তা খতিয়ে দেখা হচ্ছে।”