BigNews: ৩০ দিনেই বিরাট রেকর্ড রাম মন্দিরের! দানপাত্রে পড়লো কোটি কোটি টাকার সোনাদানা-নগদ?

অযোধ্যার রাম মন্দিরে গত এক মাসে অভাবনীয় সংখ্যক অনুদান জমা পড়েছে। রামলালার দর্শন করতে আসা ভক্তরা উন্মুক্ত হস্তে দান করছেন, যার ফলে মন্দিরের দানপাত্র উপচে পড়ছে।
২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ দিনে ৬২ লাখ ভক্ত মন্দিরে দর্শনার্থী হয়েছেন। এই সময়ে মোট ৫০ কোটি টাকা দান জমা পড়েছে, যা কোনও মন্দিরের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ।
প্রতিদিন গড়ে দেড় কোটি টাকা দান করা হচ্ছে। নগদ এবং চেক মিলিয়ে এই টাকা জমা পড়েছে। মন্দিরে ছয়টি ডোনেশন কাউন্টার এবং চারটি দানপাত্র রয়েছে। প্রতিদিন ব্যাংকের দশজন এবং মন্দিরের চার কর্মচারী টাকা গোনার কাজ করছেন।
অনেক ভক্ত সোনাদানা এবং রুপোও দান করেছেন। গত ৩০ দিনে ১০ কেজি সোনা এবং ২৫ কেজি রুপো দান করা হয়েছে।
রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে আর কোনও মন্দিরে এক মাসে এত বিপুল সংখ্যায় ভক্ত সমাগম হয়নি। রাম মন্দির নিয়ে দেশ ব্যাপী উন্মাদনা তৈরি হয়েছিল।
চলতি বছরে বারাণসী, মথুরা, বৃন্দাবন, পুরী, তিরুপতি, কামাখ্যার তুলনায় অযোধ্যায় পুণ্যার্থীর ভিড় বেশি হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, রাম মন্দিরে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনের বন্দোবস্ত করা হয়েছিল। তবে প্রধান পুরোহিত জানিয়েছেন, এত সংখ্যক দর্শনার্থীদের আশীর্বাদি দিতে দিতে বালক রাম ক্লান্ত। তাই তাঁর নিত্য এক ঘণ্টা বিশ্রামের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাম মন্দির বন্ধ রাখা হচ্ছে।
এই ঘটনা রাম মন্দিরের জনপ্রিয়তা এবং ভক্তদের আন্তরিকতা প্রমাণ করে।