পাকিস্তানে ১৪৪ ধারা জারি! ভোট কারচুপির অভিযোগে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি

ভোট কারচুপির অভিযোগে পিটিআইসহ পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর আলজাজিরার।
পুলিশ বলছে, যে বা যারা ১৪৪ ধারা ভঙ্গ করে ‘গণ জমায়েত’ বা ‘সমাবেশ’ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার মাইক্রো ব্লগিং সাইটে ইসলামাবাদ পুলিশ বলেছে, কিছু মানুষ নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি অফিসের সামনে উস্কানিমূলক জমায়েত করছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে, গণ জমায়েতের জন্য উস্কানি দেওয়াও এক ধরনের অপরাধ।

ব্রিটিশ আমলের একটি বিধান হলো ১৪৪ ধারা। যে জায়গা বা স্থানে ১৪৪ ধারা জারি করা হয় সেখানে প্রকাশ্যে চারজনের বেশি মানুষ জড়ো হতে পারেন না। এই ধারা ভঙ্গ করলে সরাসরি গুলিও ছোড়া হয়।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই রাষ্ট্রীয়ভাবে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে পুরো পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে। যদিও প্রথমে পিটিআই তাদের কর্মী-সমর্থকদের বিভিন্ন শহরে জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে দলটি। শহরের বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার বদলে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখার কর্মসূচি দেয় তারা।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়। বৃহস্পতিবার নির্বাচন হলেও রোববার সব আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন জিতেছে। যার মধ্যে ৯৬টি আসনে জিতেছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা, অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসনে জয় পেয়েছে।

এছাড়া প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। করাচি-ভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি আসন জিতেছে।

পিটিআইয়ের দাবি, তারা আরো বেশি আসনে জয় পেয়েছে এবং একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু তারা যেন সরকার গঠন করতে না পারে, সেজন্য বিভিন্ন আসনের ফলাফল পাল্টে দিয়ে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা