মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত ও হস্তান্তর শুরু, স্বস্তির নিঃশ্বাস বাসিন্দাদের

বউবাজারে মেট্রো রেলের কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত ও হস্তান্তরের কাজ শুরু হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদার পর্যন্ত মাটির নীচে টানেল নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বাড়ি।
৬বি দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে তা বাসযোগ্য অবস্থায় মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।১৯/১এ দুর্গা পিতুরি লেন এবং ১২ মদন দত্ত লেনের দু’টি বাড়ির মেরামতির কাজ ৭০% সম্পন্ন হয়েছে। ১/৪, দুর্গা পিতুরি লেনের মেরামতের কাজ শুরু হয়েছে। ১৯ নম্বর, দুর্গা পিতুরি লেনের মেরামতের কাজ শীঘ্রই শুরু হবে।
ক্ষতিগ্রস্ত দেয়ালে হাই টেনসাইল স্টিল (এইচটিএস) স্টিচিং, অ্যাপোক্সি গ্রাউটিং ব্যবহার করা হচ্ছে। যেখানে প্রয়োজন, সেখানে পুনরায় মেঝে তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়া বাড়িগুলির স্থায়িত্ব বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত বাড়ি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাসিন্দারা। দীর্ঘ অপেক্ষার পর তাদের ঘরে ফিরে আসার সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞ।
২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারে মেট্রো রেলের কাজের সময় ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। ৭৪টি বাড়িতে প্রত্যক্ষভাবে তার প্রভাব পড়ে। ২০২২ সালের মে এবং ২০২৩ সালের জুন মাসেও বউবাজারে মেট্রো রেলের কাজের সময় বিপত্তি দেখা যায়।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় বাসিন্দারা স্বস্তি পেয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুততম সময়ে বাকি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত করে হস্তান্তর করার আশা করছেন।