“নম্বর সহ অভিযোগ করলেই নেওয়া হবে ব্যবস্থা”-অটোর ‘দাদাগিরি’ রুখতে যাত্রীদের বার্তা দিলেন মন্ত্রী

কলকাতা ও তার শহরতলিতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল অটো। কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে এই যানবাহনের বিরুদ্ধে। মেন রুট হোক বা ভিতরের রাস্তা, সর্বত্রই এই সমস্যা দেখা যায়।
যাত্রীদের অভিযোগ, একই রুটে যাওয়ার সময় ও ফেরার সময় ভাড়ার পার্থক্য দেখা যায়। অনেক সময় প্রতিবাদ করলে চালকদের সাথে বচসাও বেঁধে যায়।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “ভাড়া তো বাজারের ওপর নির্ভর করে। সরকার থেকে ভাড়া নির্ধারিত করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বেসরকারি উদ্যোগের ভাড়া তো যাত্রীদের ওপরেও নির্ভর করে।”
মন্ত্রী আরও বলেন, “অনেকদিন আগে অটোর একটা ভাড়া ঠিক করে দেওয়া হয়েছিল। এখন জ্বালানির দাম বেড়েছে, তাই এরাও ভাড়া বাড়াচ্ছে। তবে কোথাও যদি লাগাম ছাড়া ভাড়া নেয়, আর যাত্রীরা যদি অটোর নম্বর নিয়ে অভিযোগ করেন, আমরা সেটা ব্যবস্থা নেব।”