OMG! একজন নার্সকে দুই জায়গায় বদলির নোটিশ, অবাক কাণ্ড এবার চুঁচুড়া হাসপাতালে

চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের স্টাফ নার্স বন্দনা দত্তগুপ্তের দুটি বদলির নির্দেশ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোমবার, জেলা স্বাস্থ্য দফতর থেকে তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে বদলি করার নির্দেশ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর, রাজ্য স্বাস্থ্য দফতর থেকে আরেকটি নোটিশ পাঠিয়ে তাকে মুর্শিদাবাদের অনুপনগর গ্রামীণ হাসপাতালে বদলি করা হয়।

এই ঘটনায় হাসপাতালের নার্সিং স্টাফরা ক্ষুব্ধ। তারা মনে করছেন, নার্স বন্দনা দত্তগুপ্তের বিরুদ্ধে রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তাকে বদলি করা হচ্ছে। গত ২ রা ফেব্রুয়ারি রাতে এই ঘটনা ঘটেছিল।

নার্সেস ইউনিটের স্টেট সেক্রেটার ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, “এটা সরকারি হাসপাতাল, এটা এখনও জঙ্গলের রাজত্ব হয়নি। কেউ কেউ চাইছেন এটা জঙ্গলের রাজত্ব করার। কাউকে দোষী সাব্যস্ত করতে গেলে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়।”

এদিকে, হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, তিনি নার্সদের দাবি সিএমওএইচ-এর কাছে পাঠিয়ে দেবেন।

বিধায়ক অসিত মজুমদার বলেন, “ওই দিনের ঘটনার প্রমাণ স্বাস্থ্য ভবনে পাঠানো হবে বলেছেন সুপার ও সিএমওএইচ। ওঁরা আন্দোলন করতেই পারেন, আমি সাধারণ মানুষের জন্য গিয়েছি। আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই।”

স্থানীয় বিজেপি সম্পাদক সুরেশ সাউ বলেন, “এর আগেও নার্সদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য বিধায়ক করেছে। বিধায়ক একটা হাসপাতালের মহিলা বিভাগে সাঙ্গপাঙ্গ নিয়ে ঢুকে তাণ্ডব করেছে এর ধিক্কার জানাই। ওঁর ক্ষমা চাওয়া উচিত।”

এই ঘটনায় চুঁচুড়া হাসপাতালে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নার্সরা বন্দনা দত্তগুপ্তের বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন করছেন।