Toto: যানজটে নাকাল যাত্রীরা, টোটো নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্তের পথে প্রশাসন

বহরমপুর শহরের মধ্যে অতিরিক্ত টোটো চলাচল নিয়ে নাজেহাল শহরবাসী। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। যান চলাচল ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বহরমপুর পুরসভা। জেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা গেছে, বহরমপুর শহর এবং নিকটবর্তী শহরতলি ও গ্রামাঞ্চল জুড়ে প্রায় ১৭ হাজার টোটো চলাচল করে। শুধুমাত্র বহরমপুর পুরসভা অঞ্চলে প্রায় ৩ হাজার টোটো চলাচল করে। বাকি ১৪ হাজার টোটো চলে পার্শ্ববর্তী শহরতলি এবং গ্রামীণ এলাকায়। এত সংখ্যক টোটো প্রতিদিন রাস্তায় নামায় বাড়ছে যানজটের সমস্যা। এমনকি, কিছু টোটো চালক শহরের রাস্তায় সিগন্যাল না মেনে চলার কারণে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও।

এই সমস্যা সমাধানে বহরমপুর পুরসভা এবং জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিদিন দুটি শিফটে টোটো চলাচল করবে। একটি শিফটে সকাল ৬টা থেকে বিকেল ২টা এবং অন্য শিফটে বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টোটো চলাচল করবে। কোনও টোটো চালক একটি শিফটেই তাঁর গাড়ি চালাতে পারবেন।

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানান, এই সিদ্ধান্ত গ্রহণের কারণ হল, এত সংখ্যক টোটো একসঙ্গে রাস্তায় নামলে যানজটের সমস্যা আরও বেড়ে যাবে। পাশাপাশি, টোটো চালকদের রুজিরুটিও বিঘ্নিত হবে। তাই দুটি শিফটে ভাগ করে টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফেও টোটো নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরসভা অঞ্চলগুলিতেও সক্রিয় টোটোর সংখ্যা নেহাত কম নয়। ছোট শহরের মধ্যে অতিরিক্ত টোটো চলাচল সমস্যা ফেলছে সংশ্লিষ্ট এলাকার পরিবহণ ব্যবস্থাকে। সেই কারণে, দুই শিফটে ভাগ করে টোটো চালানোর পথে হাঁটতে চলেছে বহরমপুর পুরসভা।