ডিমের দাম বাড়ায়, দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

রাশিয়ায় ডিমের অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্ষিক সমাপনী সংবাদ সম্মেলনে ডিমের দাম বৃদ্ধি নিয়ে এক পেনশনভোগীর অভিযোগের পর তিনি এই বিরল ক্ষমা প্রার্থনা করেন।

উক্ত বার্ষিক সমাপনী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি রাশিয়ার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে পেনশনভোগী এক নারী ইরিনা আকোপোভা ডিমের দামের অস্বাভাবিক দাম সম্পর্কে জানতে চান।

এসময় ইরিনা তার রান্নাঘরে টেবিলের ওপর বসে ভিডিওর মাধ্যমে পুতিনের সঙ্গে যুক্ত হন। ইরিনা ডিম ও মুরগীর মাংসের আকাশচুম্বী দাম সম্পর্কে পুতিনের কাছে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন, পেনশনভোগীদের জন্য সদয় হোন! আমরা লাখো রুবল পেনশন পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো কেউ আমাদের নেই। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আপনার সাহায্য পাওয়ার ভরসায় আছি।’

অকোপোভার এই কথায় রুশ নাগরিকদের জীবনযাত্রাব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছিলেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশে দাঁড়াতে পারে।

অকোপোভোর কথার জবাবে পুতিন বলেন, ‘আমি এ জন্য ক্ষমা চাইছি। কিন্তু এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি…খুব শিগগিরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

রাশিয়ায় বার্ষিক দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের উদ্বেগের ক্ষেত্রে নিজের সহানুভূতিশীলতা তুলে ধরার সুযোগ পান এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন।

এ সপ্তাহে রুশ সরকার জানিয়েছে, আগামী বছর প্রথম ছয় মাসে ১২০ কোটি ডিম আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম এবছর ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে এ চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র: রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *