Swiggy-তে চাকরি পেতে অভিনব পন্থা, রোহিতের 11 পাতার চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রতিযোগিতামূলক চাকরি বাজারে নিজেকে আলাদা করে তোলার জন্য চাকরিপ্রার্থীরা নানা কৌশল অবলম্বন করে থাকেন। তবে কলকাতার রোহিত সেথিয়া যেভাবে আবেদনপত্র পাঠিয়েছেন, তাতে সবাইকে অবাক করে দিয়েছেন। সম্প্রতি কপিরাইটার পদে নিয়োগের বিজ্ঞাপন দেয় ফুড ডেলিভারি সংস্থা সুইগি। সেই খবর জানাজানি হতেই চাকরিপ্রার্থীদের রীতিমতো লাইন পড়ে যায়। এই অবস্থায় কর্তৃপক্ষের নজরে আসতে 11 পাতার আবেদনপত্র পাঠান রোহিত।
সুইগি-র পদস্থ কর্তা দেবাংশী ধিংড়ার কাছে পাঠানো আবেদনপত্রে রোহিত নিজেকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পরিচয় দেন। পাশাপাশি ডিজিটাল মিডিয়া সম্পর্কে জ্ঞানের কথা বলেন তিনি। সুইগির সমস্ত প্রতিযোগীদের বিষয়ে তিনি যথেষ্ট ওয়াকিবহাল বলে দাবি করেন রোহিত। পাশাপাশি নিজেকে একজন দক্ষ কপিরাইটার বলেও উল্লেখ করেন তিনি।
আবেদনপত্র পাওয়ার পর সুইগি-র কর্তা-ব্যক্তিরা অবাকই হয়েছিলেন। কারণ এভাবে মজার ছলে আবেদনপত্র পাঠানোর কোনও নজির নেই। রোহিতের এই আবেদনপত্রের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেরই ব্যক্তব্য, নামজাদা সংস্থায় চাকরি করতে যাওয়ার সময় নিজেকে এভাবে তুলে ধরা প্রায় অসম্ভব। যা করে দেথিয়েছেন রোহিত।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুইগি-র পদস্থ কর্তা দেবাংশীও। পাল্টা পোস্টে তিনি লিখেছেন, “অনেকেই ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনাতে পারেন না। রোহিতের মধ্যে সেই যোগ্যতা রয়েছে। আপনার কথা আমরা শুনেছি। এবং খুব দ্রুতই আপনার কাছে আমরা ফিরে আসব।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আরেক ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোকে নিয়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। খুব দ্রুত তাঁরা কলকাতায় ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। জোম্যাটোর এক কর্তার কথায়, বিয়ে ও রিসেপশনের মতো বড় অনুষ্ঠানে ক্যাটারিং করবেন না তাঁরা। বাড়ির পার্টি ও ছোট পিকনিকে এই ক্যাটারিংয়ের কথা ভাবা হচ্ছে।