বিশ্বকাপ ফাইনালে কেন আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে? কী ইঙ্গিত কংগ্রেস নেতার?

ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শোরগোল পড়ে যাওয়ার পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছেন।

রবিবার এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লেখেন, “কপিল দেবকে বিশ্বকাপ ফাইনালে অহমেদাবাদের স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়নি। এটা অত্যন্ত দুঃখের বিষয় এমন একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না।”

বিষেণ সিং বেদীর প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “বেদীর মতো কপিল দেবও মন থেকে মন্তব্য করেন। প্রকাশ্যে তিনি মহিলা কুস্তিগিরদের উপর হওয়া অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন। তাঁদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিলেন।”

সে কারণেই কি কপিল দেবকে আমন্ত্রণ জানানো হল না? জয়রাম রমেশের মন্তব্যে যে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে।

কপিল দেব নিজেও জানান, “আমায় ওখানে আমন্ত্রণই জানানো হয়নি। ওঁরা আমাকে জানাননি। তাই আমিও যাইনি। খুব সোজা বিষয়। আমি চেয়েছিলাম ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দল আজ ফাইনালে হাজির থাকুক। তবে মনে হয় এত বড় একটা ইভেন্ট। এত দায়-দায়িত্ব আয়োজকদের। ওঁরা হয়ত ভুলেই গিয়েছে।”

কপিল দেবের অনুপস্থিতি নিয়ে নানা মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ তিনি সরকারের সমালোচনা করে থাকেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি একটি ভুল।

কপিল দেবকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি কোনো ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে এই বিতর্ক আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *