‘কেউ ব্যান করলে পশ্চিমবঙ্গ থেকে তাকেই বের করে দেব!’ টলিপাড়ার ‘থ্রেট কালচার’ নিয়ে হুঙ্কার হিরণের

টলিপাড়ার দীর্ঘদিনের ‘ব্যান’ ও ‘থ্রেট কালচার’ উপড়ে ফেলতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সোমবার নন্দনে আয়োজিত এক জরুরি বৈঠকে টলিউডের বর্তমান পরিস্থিতি এবং কাজের পরিবেশ নিয়ে কঠোর বার্তা দিলেন অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বৈঠকে পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন প্রযোজক ও টেকনিশিয়ান গিল্ডের প্রতিনিধিরা।
ম্যানিপুলেশন রুখতে কড়া হিরণ
জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডুকে ব্যান করার মতো বিতর্কিত প্রসঙ্গ উঠতেই ক্ষোভ উগরে দেন হিরণ। তিনি বলেন, “আগের সরকারের মদতপুষ্ট কিছু মানুষ এখনও ইন্ডাস্ট্রির অন্দরে থেকে গ্রুপিজম ও ম্যানিপুলেশন করার চেষ্টা চালাচ্ছে। এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।”
সোমনাথ কুণ্ডুর প্রসঙ্গে হিরণের স্পষ্ট বক্তব্য, “সোমনাথদাকে কেউ আটকাতে পারবে না। তিনি আমাকে জানানোর মুহূর্তেই আমি কথা বলেছি। আমি পরিষ্কার করে বলছি, যদি কেউ শিল্পীদের কাজে আটকানোর চেষ্টা করে বা ব্যান করার কথা বলে, তবে পশ্চিমবঙ্গ থেকে তাঁকেই বের করে দেওয়া হবে।”
‘যোগ্যতাই শেষ কথা’
দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হিরণ বলেন, “আগে নন্দনে সিনেমা রিলিজ করতে গেলেও রেফারেন্স লাগত। কিন্তু এখন সেই দিন শেষ। এখন একমাত্র যোগ্যতাই বিচার করা হয়। বর্তমান সরকার কোনো অন্যায়, অসদাচরণ বা পাইয়ে দেওয়ার সংস্কৃতিকে বরদাস্ত করবে না—এটিই আমাদের স্পষ্ট বার্তা।”
শিল্পী ও কলাকুশলীদের জন্য খোলা বার্তা
হিরণ চট্টোপাধ্যায় এদিন টলিপাড়ার কর্মীদের উদ্দেশ্যে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। রাজ্যে সরকার আছে, পুলিশ আছে, আইন আছে। কোনো অভিনেতা বা কলাকুশলী যদি কাজের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন, তবে সরাসরি আমাকে মেসেজ করবেন। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।”
বৈঠকের সিদ্ধান্ত
সোমবারের এই উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কর্মক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হলে সরকারি কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন গিল্ডের মনোনীত সদস্যরা তা দ্রুত সমাধান করবেন। ফেডারেশনের অস্তিত্ব বজায় রেখেই কাজের পরিবেশকে স্বচ্ছ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা টলিউডের ভবিষ্যতে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।