“শিরদাঁড়া নেই!” সৌরভ গঙ্গোপাধ্যায়কে চরম আক্রমণ দুর্নিবার ভক্তদের, বিগ বসের ঘর ছাড়িয়ে ঝগড়া এখন সোশ্যাল মিডিয়ায়

‘বিগ বস বাংলা’-র উইকএন্ড এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারে তুলকালাম কাণ্ড! শনিবারের পর্বে খোদ সঞ্চালক সৌরভের নিশানায় ছিলেন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। প্রতিযোগীদের প্রতি একাধিক আপত্তিকর আচরণ ও মন্তব্যের জেরে গায়ককে নিয়ে নিজের উষ্মা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ‘দাদা’কে। আর এই ঘটনায় মহারাজ সরাসরি দুর্নিবারের সমালোচনা করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তীব্র তরজা।

কেন সৌরভের রাগের মুখে পড়লেন দুর্নিবার?
শনিবারের এপিসোডে বেশ কয়েকটি কারণে দুর্নিবারকে কাঠগড়ায় দাঁড়ান সৌরভ। প্রথমত, সহ-প্রতিযোগী রাজবীরের জন্মদিনের কেক কাটার সময় দুর্নিবারের অনুপস্থিতি মোটেও ভালোভাবে নেননি মহারাজ। পাশাপাশি, দীপেন্দু ঘর থেকে ভোট-আউট হওয়ার পর ঘরের বাকিদের উদ্দেশ্যে গায়কের ‘কুকুর’ বলার মতো মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া সহ-প্রতিযোগী ঝিলমের সঙ্গে তাঁর অনুচিত ব্যবহার নিয়েও কড়া ভাষায় কথা শুনতে হয় গায়ককে।

যখন দুর্নিবার দাবি করেন যে, রাগের মাথায় তিনি কী বলেছেন সেটাই তাঁর মনে নেই, তখন জীতু ও সোনামণিদের সঙ্গে সুর মিলিয়ে তাঁকেও কটাক্ষ করতে ছাড়েননি সৌরভ। ঝিলম যখন জানান যে তিনি দুর্নিবারকে ক্ষমা করে দিয়েছেন, তখন সৌরভ খোঁচা দিয়ে বলেন—”ক্ষমা করে দেওয়ার পরেও, মনে কি দুর্নিবারের ব্যবহার নিয়ে ক্ষত নেই কোনো?” শুধু তাই নয়, “প্রিয় বন্ধুরা পিছন থেকে ছুরি মারছে”—এমন মন্তব্যও করতে শোনা যায় তাঁকে।

চটেছেন দুর্নিবার ভক্তরা, সৌরভকে নিয়ে নেটপাড়ায় শোরগোল
দাদার মুখে এমন কড়া সমালোচনা শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর বেজায় চটেছেন দুর্নিবারের অনুরাগীরা। গায়ককে নিয়ে মহারাজের উপহাস মেনে নিতে পারছেন না ভক্তরা। নেটপাড়ায় ক্ষোভ উগরে দিয়ে এক অনুরাগী লিখেছেন, “সোশ্যাল মিডিয়া এখন দুর্নিবারময়। ফ্লপ গঙ্গোপাধ্যায় কী বলল তাতে কিচ্ছু যায় আসে না।” আবার অন্য একজনের কটাক্ষ, “উনি তো একটা স্ক্রিপ্ট মুখস্থ করে আসেন, সেটাই বারবার বলেন। ওনার কোনো নিজস্বতা বা শিরদাঁড়াই নেই!”

বদলাচ্ছে বিগ বসের ঘরের সমীকরণ
অন্যদিকে, শনিবারের এই বিশেষ পর্বে ঝিলম ও নিরঞ্জনের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। তবে ঘরের অন্দরে এখন সমীকরণ সম্পূর্ণ বদলে যাচ্ছে। দুর্নিবার ও ঝিলমের সঙ্গে তনুশ্রী ও সোনামণিরা দূরত্ব বাড়াতে শুরু করেছেন, এমনকি তাঁদের নিয়ে হাসিঠাট্টাও চোখে পড়ছে। ঝিলম নিজে দুর্নিবারকে নমিনেট করায় স্পষ্ট যে ঘরের ভিতর নতুন জোট ও ফাটল ধরতে শুরু করেছে।

এদিন প্রমোশনের জন্য ‘বহুরূপী’ টিম নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি রসিকতা করে বলেন, প্রতিযোগীদের নানা রূপ দেখে খোদ সৌরভই ঘোল খেয়ে গেছেন। কিন্তু সেই দাবি নাকচ করে সৌরভ সাফ জানিয়ে দেন—”আমাকে পারেনি। প্রথম সপ্তাহটা ওরা লিড করেছিল, তারপর থেকে কন্ট্রোল পুরোটাই আমার হাতে!” সব মিলিয়ে, বিগ বসের অন্দরে আগামী দিনে কী নতুন ঝড় ওঠে, সেদিকেই এখন নজর রয়েছে দর্শকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *