ছোটবেলার সেই চেনা জামাই কি ফাঁস করবে আসল সত্যি? অবশেষে কি মুখোমুখি হবে ছুটি আর অভি?

ছোটবেলা থেকেই নিজের অস্তিত্বের খোঁজ চালিয়ে যাওয়া এক মেয়ের জীবন এবার এক নতুন মোড়ের মুখে। অনাথ আশ্রমে বড় হওয়া ছুটির মনে আজও ভিড় করে জন্মপরিচয়ের হাজারো প্রশ্ন। জীবন যতই এগোউক, নিজের শেকড়কে খোঁজার তাগিদ একটুও কমেনি তার। এদিকে নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে এবার আসছে এক বিরাট চমক।
কাহিনির মোড় অনুযায়ী, বহু বছর পর ছুটির জীবনে ফিরে এসেছেন তাঁর মা। কিছুদিন আগেই রক্ত দিয়ে মেয়ের প্রাণ বাঁচিয়েছেন তিনি। কিন্তু ছুটির আসল পরিচয় সামনে আসতে দিতে নারাজ ঝুমকি। তাই ছুটির ছোটবেলার জামাটি হাতে পেয়েও সেটি ধ্বংস করে দিতে চেয়েছিল সে। কিন্তু ভাগ্যের ফেরে সেই জামা চলে আসে ছুটির মায়ের হাতে। নিজের মেয়ের ছোটবেলার সেই পুতুলের জামা চিনতে ভুল করেননি তিনি। সঙ্গে সঙ্গে সেই জামাটি ফিরিয়ে দেন ছুটির হাতে।
বাড়ি ফিরে সযত্নে সেই জামা আলমারিতে তুলে রাখে ছুটি। কিন্তু আলমারি থেকে জামার একটি বেল্ট মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই সেটি নজরে পড়ে অভির। ছোটবেলার সেই বিশেষ জামাটি এক পলকেই চিনতে পেরে যায় অভি। অন্যদিকে অভি নিজেও তার কাছের মানুষকে খুঁজে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু বারবার সত্যের কাছাকাছি এসেও আসল সত্যিটা সে জানতে পারেনি।
তাহলে কি এবার ছোটবেলার সেই চেনা জামার সূত্র ধরেই নিজের জন্মপরিচয় জানতে পেরে যাবে ছুটি? অভিই বা কি চিনতে পারবে তার ছোটবেলার বন্ধুকে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের এই বিশেষ পর্বগুলি নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।