“এক চার্জে ১৭৫ কিমি!”-পেট্রোল খরচ ভুলে এবার রাস্তায় দাপাবে TVS-এর নতুন ই-স্কুটার

দেশের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল টিভিএস মটোর কোম্পানি (TVS Motor Company)। তাদের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার সিরিজ ‘আইকিউব’-এ (iQube S) যুক্ত হলো আরও শক্তিশালী ব্যাটারি ও উন্নত প্রযুক্তির নতুন সংস্করণ। যারা প্রতিদিনের যাতায়াতে সাশ্রয় এবং গতি— দুই-ই খুঁজছেন, তাঁদের জন্য এই নতুন ৪.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টটি গেম-চেঞ্জার হতে পারে।
এক চার্জে কলকাতা থেকে শান্তিনিকেতন!
নতুন টিভিএস আইকিউব এস-এর সবথেকে বড় চমক হলো এর রেঞ্জ। সংস্থার দাবি, একবার ফুল চার্জ দিলে এই স্কুটারটি একটানা ১৭৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। আগে এই মডেলে ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকলেও, এখন সেই পুরনো ভ্যারিয়েন্টটি সরিয়ে আরও বড় ব্যাটারি প্যাক নিয়ে আসা হয়েছে। এর শক্তিশালী ইলেকট্রিক মোটর ৫.৯ এইচপি শক্তি এবং ৩৩ এনএম টর্ক তৈরি করতে পারে, যার ফলে শহরের ভিড়েও পাওয়া যাবে দ্রুত পারফরম্যান্স।
গতি ও চার্জিংয়ে টেক্কা
নতুন এই মডেলটির টপ স্পিড ঘন্টায় ৮২ কিলোমিটার। মাত্র ৪.৩ সেকেন্ডেই ০ থেকে ৪০ কিমি গতিতে পৌঁছে যেতে পারে এই ই-স্কুটার। শুধু গতি নয়, চার্জিংয়ের ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে টিভিএস। ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। ফলে সারাদিন ব্যবহারের পর রাতে চার্জে বসিয়ে দিলেই কেল্লাফতে।
স্মার্ট ফিচারে ঠাসা ও আধুনিক ডিজাইন
আজকের প্রজন্মের কথা মাথায় রেখে স্কুটারটিতে দেওয়া হয়েছে ৭ ইঞ্চির টিএফটি স্ক্রিন এবং স্মার্টফোন কানেক্টিভিটি। এতে রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রাইড ডেটা এবং সরাসরি স্ক্রিনে নোটিফিকেশন দেখার সুবিধা। সুরক্ষার জন্য এতে রয়েছে IP67 রেটিং, যা স্কুটারটিকে ধুলো ও জল থেকে রক্ষা করবে। ডিজাইনেও এসেছে নতুনত্ব— ১২ ইঞ্চির অ্যালয় হুইল, সামনের ডিস্ক ব্রেক এবং পেছনের ড্রাম ব্রেক চালককে দেবে মসৃণ রাইডিং অভিজ্ঞতা।
দাম ও রঙের বিকল্প
টিভিএস এই নতুন ভ্যারিয়েন্টের জন্য তিনটি আকর্ষণীয় রঙের বিকল্প এনেছে— ম্যাগনিফিসেন্স পার্পেল বেইজ, হার্লিকুইন ব্লু বেইজ এবং টাইটেনিয়াম গ্রে ম্যাট। নতুন টিভিএস আইকিউব এস ৪.৭ কিলোওয়াট আওয়ার মডেলের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৩৭ লক্ষ টাকা থেকে।
সাশ্রয়ী রাইড এবং প্রিমিয়াম লুকের মেলবন্ধনে এই নতুন ইলেকট্রিক স্কুটারটি ওলা বা এথার-এর মতো প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।