ভক্তদের চমকে দিতে সিনেমা হলে কিয়ারা-কার্তিক, বললেন ম্যাজিক শুরু হয়ে গিয়েছে

চারদিন আগে মুক্তি পাওয়া বলিউডের রোমান্টিক হিন্দি ছবি ‘সত্যপ্রেম কি কথা’র চতুর্থ দিনের মোট উপার্জন গিয়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি টাকা। কিয়ারা আদবানি ও কার্তিক আরিয়ান অভিনীত সিনেমাটি পৃথিবীব্যাপী মুক্তি পেয়েছে ২৯ জুন। হিন্দি ছবির প্রখ্যাত প্রযোজক সাজিদ নাদিয়াদ ওয়ালার প্রযোজনা সংস্থার অধীনে তৈরি ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ‘সত্যপ্রেম কি কথা’-র প্রথম দিনের উপার্জন ছিল ৯ কোটি ২৫ লক্ষ টাকা। শুধু চতুর্থ দিনেই এই ছবিটির উপার্জন হয়েছে ১২ কোটি ৬০ লক্ষ টাকা।

ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটির আশাব্যঞ্জক বক্স অফিসের গতিকে আরো ত্বরান্বিত করতে গতকাল। মুম্বাইয়ের বান্দ্রার একটি প্রেক্ষাগৃহে সশরীরে হাজির হন এই ছবির নায়ক-নায়িকা কিয়ারা আদবানি ও কার্তিক আরিয়ান। বান্দ্রার ওই প্রেক্ষাগৃহে সেই সময় ‘সত্যপ্রেম কি কথা’র প্রদর্শনী চলছিল। সেটি তখন প্রায় শেষের দিকে। ছবিটির শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তেই দর্শকদের সারপ্রাইজ ভিজিট দিতে প্রেক্ষাগৃহের একটি দরজা দিয়ে আচমকা ভিতরে ঢুকে পড়েন কিয়ারা ও কার্তিক।

নীল রঙের ডেনিম জিন্সের সঙ্গে সাদা রঙের চেককাটা ব্লেজার পরেছিলেন কিয়ারা। আর কার্তিক পরেছিলেন সাদা টি-শার্ট ও নীল রঙের ডেনিম জিন্স। পর্দায় ‘সত্যপ্রেম কি কথা’র প্রদর্শনী দেখতে দেখতে হলে উপস্থিত দর্শকরা হঠাৎ কার্তিক ও কিয়ারাকে সামনে দেখে উল্লসিত হয়ে ওঠেন। মুহূর্তেই হলের মধ্যে মোবাইলে ছবি তোলার হিড়িক পড়ে যায়। সবাই কিয়ারা ও কার্তিককে ঘিরে ধরেন সেলফি তোলার জন্য। বাস্তবে চোখের সামনে তাদের অভিনয়ের প্রশংসা, ছবির প্রশংসা শুনে রীতিমতো আপ্লুত কিয়ারা ও কার্তিক। দুজনেই হাত জড়ো করে নমস্কার এর ভঙ্গিতে দর্শককে তাদের কৃতজ্ঞতা জানান তারা।

এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় কিয়ারা লেখেন…”যখন দর্শকরা আপনাকে উঠে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, তখনই বুঝে নিতে হবে ম্যাজিক তৈরি হয়ে গিয়েছে…এই মুহূর্তটি আমার মনের ফ্রেমে আজীবন রাখা থাকবে। সত্যপ্রেম কি কথার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বলিউডের হিন্দি সিনেমার বিশেষজ্ঞরা মনে করছেন, এই ছবিটির সর্বশেষ উপার্জন গিয়ে দাঁড়াবে ৮০ কোটি টাকাতে। তাতেই কিয়ারা -কার্তিকের জুটি হিট জুটি হিসেবে গণ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *