সিন্ধু-সাইনাদের রেকর্ড ছোঁয়া হলো না: ফাইনালে লড়েও থাই প্রতিপক্ষের কাছে হার তানভি শর্মার, তবে মিলল বড় সুখবর

সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে দুরন্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারলেন না ভারতের উঠতি তারকা তানভি শর্মা। রবিবার লখনউয়ের ইউপি ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে মহিলাদের সিঙ্গলস ফাইনালে থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের কাছে তিন গেমের লড়াইয়ে হেরে গেলেন ১৭ বছর বয়সি এই ভারতীয় শাটলার। ম্যাচের ফলাফল ২১-১১, ১২-২১, ১৫-২১। এই পরাজয়ের ফলে পিভি সিন্ধু (২০১৭, ২০২২, ২০২৪) এবং সাইনা নেহওয়ালের (২০০৯, ২০১৪, ২০১৫) পর তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে এই খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করলেন তানভি।

ঘরের দর্শকদের সামনে এদিন দুরন্ত শুরু করেছিলেন বিশ্ব ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা তানভি। বৈচিত্র্যময় শট ও আক্রমণাত্মক খেলায় বাঁ হাতি থাই প্রতিপক্ষকে চাপে রেখে প্রথম গেমটি ২১-১১ ব্যবধানে জিতে নেন তিনি। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। একের পর এক আনফোর্সড এরর করে বসেন তানভি। ৬-৯ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পরবর্তী ১৮ পয়েন্টের মধ্যে ১৫টিই জিতে নিয়ে ২১-১২ ব্যবধানে দ্বিতীয় গেম পকেটে পুরে ম্যাচে সমতা ফেরান কাতেথং।

নির্ণায়ক তৃতীয় গেমেও ভুলের খেসারত দিতে হয় তানভিকে। দীর্ঘ র‌্যালির বদলে দ্রুত পয়েন্ট তুলে নেওয়ার তাড়াহুড়োয় বারবার লাইনের বাইরে শাটল পাঠান তিনি। ফাইনালের আগে টানা তিনটি রাউন্ডে দীর্ঘ ম্যাচ, বিশেষ করে সেমিফাইনালে স্বদেশীয় উন্নতি হুডার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের ক্লান্তিও তানভির খেলায় প্রভাব ফেলে। সুযোগ কাজে লাগিয়ে খেলার গতি বাড়িয়ে শেষ গেম ২১-১৫ ব্যবধানে জিতে খেতাব নিশ্চিত করেন কাতেথং।

তবে ফাইনালে হারলেও তানভির জন্য বড় সুখবর রয়েছে। এই টুর্নামেন্টে রানার্স হওয়ার সুবাদে মহিলাদের সিঙ্গলস বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০-তে ঢুকতে চলেছেন তিনি। কিশোরী বয়সে এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় ভারতীয় শাটলার হতে চলেছেন তানভি, এর আগে একমাত্র পিভি সিন্ধুই এই নজির গড়েছিলেন।

অন্যদিকে, রবিবার দিনের শুরুতে মহিলাদের ডাবলস ফাইনালেও হতাশ হতে হয় ভারতকে। টানা তৃতীয়বার সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল জয়ের সুযোগ হাতছাড়া করেন শীর্ষবাছাই তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। ইন্দোনেশিয়ার চতুর্থ বাছাই ইসিয়ানা মেইদা ও রিঞ্জানি নাস্তিনের বিরুদ্ধে প্রথম গেম ২৪-২২ ব্যবধানে জিতলেও দ্বিতীয় গেম ১২-২১ ব্যবধানে হারেন তাঁরা। নির্ণায়ক গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে থেকেও পরপর সাত পয়েন্ট হারিয়ে খেতাব হাতছাড়া করেন গতবারের চ্যাম্পিয়নরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *