দুর্ঘটনা সাজিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! গুজরাটে বাবাকে খুনের ঘটনায় মা ও মেয়ের স্বীকারোক্তি, ধৃত তরুণী

পারিবারিক অশান্তির জেরে বাবাকে ইট দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল কুড়ি বছরের এক মেয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় গুজরাটের রাজকোট জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তা দুর্ঘটনা বলে চালানোর ও প্রমাণ লোপাটের চেষ্টা করা হলেও জিজ্ঞাসাবাদের মুখে আসল ঘটনা স্বীকার করে নেন অভিযুক্ত তরুণী ও তাঁর মা।

জানা গিয়েছে, রাজকোটের ধার এলাকায় বসবাস করতেন লক্ষ্মণভাই ওরফে ললিতভাই সোমভাই বাগদা এবং তাঁর স্ত্রী হংসাবেন লক্ষ্মণভাই বাগদা (৪৪)। আগে অটো চালালেও বেশ কিছু দিন ধরে কাজকর্ম ছেড়ে মদে আসক্ত হয়ে পড়েছিলেন লক্ষ্মণভাই। সংসার চালানোর পুরো চাপ এসে পড়েছিল হংসাবেন এবং তাঁদের চার মেয়ের মধ্যে তিন জনের ওপর; যাঁরা দিনমজুরি ও বেসরকারি চাকরি করে সংসার সামলাতেন। অভিযোগ, এর মধ্যেই প্রায়ই বাড়িতে স্ত্রী ও মেয়েদের সঙ্গে অশান্তি ও ঝগড়া করতেন লক্ষ্মণভাই।

শনিবার সকালে দিনমজুরির কাজে বেরিয়ে গিয়েছিলেন হংসাবেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে বাড়িতে বাবা লক্ষ্মণভাইয়ের সঙ্গে কুড়ি বছরের মেয়ে ভূমিকার ঝগড়া শুরু হয়। বচসা একসময় হাতাহাতিতে গড়ায় এবং রাগের মাথায় ভূমিকা বাবাকে ইট দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মণভাইয়ের।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পরিবারটি বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। গোন্ডল সিভিল হাসপাতালে দেহ নিয়ে গিয়ে দাবি করা হয়, মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে মাথার আঘাতের চিহ্ন এবং ঘটনাস্থলের পরিস্থিতি দেখে চিকিৎসক ও পুলিশের সন্দেহ তৈরি হয়।

পুলিশের কড়া জেরায় ভেঙে পড়েন হংসাবেন ও ভূমিকা এবং তাঁরা প্রকৃত ঘটনা স্বীকার করে নেন। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মেয়ে ভূমিকা লক্ষ্মণভাই বাগদার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য রাজকোট সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *