হাসপাতাল বা গবেষণাগারে সীমাবদ্ধ নয় স্বাস্থ্য পরিষেবা”—সারা বছর কাজ করার বার্তা ‘হোপ’-এর প্রতিষ্ঠাতার

স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসার এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছরে পা দিল ‘হোপ অ্যাকাডেমিক ইনিশিয়েটিভস’। এই বর্ষপূর্তি উপলক্ষে গত ২৬ থেকে ২৯ নভেম্বর কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে আয়োজিত হলো চার দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘হোপকন ইন্টারন্যাশনাল ২০২৬’। আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং আগামী দিনের চ্যালেঞ্জসহ নানা বিষয়ে আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও স্বাস্থ্যক্ষেত্রের বিশিষ্টজনেরা।
কলকাতা নার্চার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এই উদ্যোগের প্রতিষ্ঠাতা চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোগপতি ডা. পায়োধি ধর। চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে এক মঞ্চে এনে সমাজের সর্বস্তরে সুলভ, উন্নত ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই এই প্রয়াসের মূল লক্ষ্য।
আয়োজকদের দাবি, এবারের সম্মেলনে এক হাজারের বেশি শিক্ষক ও বিশেষজ্ঞ অংশ নিয়েছেন এবং পাঁচশোর বেশি বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রায় ৪০টি চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে যোগ দেন এবং নিজেদের গবেষণালব্ধ তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করেন।
শুধু বার্ষিক সম্মেলনে সীমাবদ্ধ না থেকে সারা বছর ধরেই মাঠে নেমে কাজ করার পরিকল্পনা নিয়েছে ‘হোপ’। প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকায় সুলভ চিকিৎসা পৌঁছে দেওয়া, চিকিৎসা শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় ভাষায় স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আদিবাসী, গ্রামীণ ও শহরাঞ্চলের স্বাস্থ্য সমস্যা এবং পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলাতেও বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পর্যটন, চিকিৎসা সংক্রান্ত আইনি বিষয়, উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং সরকারি-বেসরকারি-শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। ‘হোপ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. পায়োধি ধর জানান, স্বাস্থ্য পরিষেবাকে কেবল হাসপাতাল বা গবেষণাগারে আটকে না রেখে সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা প্রয়োজন, যাতে জ্ঞান, শিক্ষা ও উদ্ভাবন মানুষের নাগালে পৌঁছায় এবং সারা বছরই মানবকল্যাণে কাজ চলে।