উত্তরীয় ধরে টান, অকথ্য গালিগালাজ”—নবদ্বীপে মহারাজের হেনস্তায় ক্ষমা চাইল বারোয়ারি, তদন্তে পুলিশ

রাস উৎসবের আবহে নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের প্রধান সেবাইত মহারাজকে হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রার্থনা চলাকালীন ডিজে-র উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় মহারাজের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাঁর উত্তরীয় ধরে টানাটানি করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই রাজেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছে সংশ্লিষ্ট বারোয়ারি কমিটি।

জানা গিয়েছে, নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে সম্প্রতি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তিনি মিশনের প্রধান সেবাইত মহারাজকে প্রণাম করেছিলেন। সেই মহারাজই এবার শব্দদূষণের প্রতিবাদ করতে গিয়ে হেনস্তার শিকার হলেন। অভিযোগকারী রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি সব্যসাচী মণ্ডল জানান, মিশনে প্রার্থনা চলাকালীন বারোয়ারি কমিটির সদস্যরা বাজনা বাজাচ্ছিলেন। বাজনা বন্ধ করার অনুরোধ জানালে তাঁরা কর্ণপাত না করে মহারাজের উত্তরীয় ধরে টানাটানি করেন এবং গালিগালাজ দেন।

এই ঘটনার পর জেলা পুলিশ সুপার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং এক জনকে গ্রেফতার করে। অন্যদিকে, ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের পরিবেশে এমন ঘটনা কাম্য নয় বলে স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছে সংশ্লিষ্ট বারোয়ারি কর্তৃপক্ষ।

তবে গোটা ঘটনায় সংযত ও সহনশীল মনোভাব দেখিয়েছেন আক্রান্ত মহারাজ অমরেশনন্দ। তিনি জানান, বিষয়টি তিনি বিধায়ককে জানিয়েছেন, কিন্তু কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান না। মহারাজের কথায়, তাঁরা সন্ন্যাসী এবং নবদ্বীপ মহাপ্রভুর পুণ্যভূমি; তাই তাঁর জন্য কারও শাস্তি হোক তা তিনি চান না, বরং অভিযুক্তদের সতর্ক করা হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *