জন্মদিনের শুভেচ্ছা থেকে ছবি-ভিডিয়ো—এবার হোয়াটসঅ্যাপেই শিডিউল করুন মেসেজ, কীভাবে কাজ করবে?

ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেনে এবার মেসেজ শিডিউলিং ফিচার আনল হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ লিখে নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে রাখতে পারবেন এবং ঠিক সেই সময়েই মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে। গত ২৫ নভেম্বর এই ফিচার আনার ঘোষণা করেছে সংস্থা। এর আগে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু থাকলেও এবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও তা আসছে।

সাধারণত ইমেলের ক্ষেত্রে মেসেজ শিডিউলিং ফিচারের ব্যবহার বেশি দেখা যায়, যা আলাদা টাইম জোন বা উপযুক্ত সময়ে বার্তা পাঠাতে সাহায্য করে। তবে হোয়াটসঅ্যাপ এই ফিচারের ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের দিকটিকেই সামনে এনেছে। সংস্থার মতে, অনেক বার্তা তৎক্ষণাৎ না পাঠিয়ে নির্দিষ্ট সময়ে পাঠানো বেশি উপযোগী। যেমন রাত ১১টায় কারও পরের দিনের পরীক্ষার শুভেচ্ছার কথা মনে পড়লে বা বন্ধুর জন্মদিনে ঠিক রাত ১২টায় শুভেচ্ছা পাঠাতে চাইলে আগে থেকেই মেসেজ শিডিউল করে রাখা যাবে।

এই ফিচার ব্যবহার করাও বেশ সহজ। মেসেজ লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে একটি মেনু খুলবে, সেখান থেকেই পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নেওয়া যাবে। শুধু টেক্সট মেসেজ নয়, এর মাধ্যমে ছবি ও ভিডিয়োও শিডিউল করা সম্ভব। মেসেজ লেখার পর ১০ মিনিট থেকে ১৪ দিন পর্যন্ত আগাম সময় নির্ধারণ করা যাবে এবং ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এই সুবিধা মিলবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মেসেজটি আগে থেকে শিডিউল করা হয়েছিল কি না, তা প্রাপক বুঝতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে শিডিউল করা মেসেজ দেখে নেওয়া বা ডিলিট করার সুযোগও থাকছে। সবচেয়ে বড় বিষয় হল, ফোন বন্ধ থাকলেও কিংবা ফোনের চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর প্রক্রিয়া সচল থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *