কম পদেই উন্নত মান? তিন বন্দে ভারত স্লিপারে শুরু নতুন ব্যবস্থা, অভিযোগ কমল ১০ শতাংশ

দূরপাল্লার ট্রেনের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ মেটাতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল এবং আইআরসিটিসি। পদের সংখ্যা বাড়ানোর বদলে কম পদে উন্নত মানের খাবার পরিবেশনের লক্ষ্যে বিমানের ধাঁচে একটি নতুন ‘কম্প্যাক্ট মেনু’ চালু করা হয়েছে। আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে দেশের তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনে—মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী রুটে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই পাইলট প্রোজেক্টের অধীনে রেলের নিজস্ব রান্নাঘর বা পুরোনো ঠিকাদারদের বদলে দেশের প্রথম সারির ক্লাউড কিচেন এবং হোটেল গোষ্ঠীগুলি খাবার তৈরি করছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, কামাখ্যা রুটের জন্য মেফেয়ার গ্রুপ, হাওড়ায় তাজস্যাটস এবং বাকি দু’টি বন্দে ভারত ট্রেনের জন্য সরোবর পোর্টিকো গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে আইআরসিটিসি। যে সমস্ত সেল কিচেন বিমান সংস্থা ও নামী হোটেলে খাবার সরবরাহ করে, মূলত তাদের থেকেই এই খাবার প্যাকেটজাত করে পরিবেশন করা হচ্ছে।

নতুন নিয়মে প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং রাতের খাবারের তালিকা অনেকটাই ছাঁটাই করা হয়েছে। যেমন, মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে যে বদল আনা হয়েছে, তা অনুযায়ী প্রাতঃরাশে এখন থেকে শুধু চাটনি ও সম্বর সহ ইডলি-বড়া, অথবা পোহা কিংবা উপমা দেওয়া হবে। মেনু থেকে বাদ পড়েছে স্যুপ, ডিমের অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক এবং চকোলেট।

অন্যদিকে, দুপুর ও রাতের খাবারের মেনুতে থাকছে রুটি, ভাত, ডাল এবং চিকেন বা সবজির যেকোনো একটি মূল পদ। আগে থাকা শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

পদের সংখ্যা কমায় প্রতি বেলার খাবারের মোট ওজন ৭০০ থেকে ৭৫০ গ্রাম থেকে কমে ৪৫০ থেকে ৫০০ গ্রামে নেমে এসেছে। তবে আইআরসিটিসি-র আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি পদের পরিমাণে বা পোরশন সাইজে কোনো কাটছাঁট করা হয়নি। আইআরসিটিসি-র ওয়েস্ট জোনের গ্রুপ জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ক্লাউড কিচেন থেকে খাবার সরবরাহ শুরু হওয়ার পর যাত্রীদের অভিযোগ প্রায় ১০ শতাংশ কমেছে। এই পরীক্ষামূলক প্রচেষ্টা সফল হলে আগামী দিনে রাজধানী বা শতাব্দীর মতো অন্যান্য প্রিমিয়াম এবং দূরপাল্লার ট্রেনেও এই মডেল চালুর কথা ভাবছে রেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *