এক দশক পর রাজ-মিমি জুটি, পোস্টার প্রকাশ্যে আসতেই মিমিকে কী শুভেচ্ছা জানালেন শুভশ্রী?

টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একসময় বিস্তর আলোচনা হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে অতীতে তাঁদের সমীকরণ নানা জল্পনার জন্ম দিলেও সময়ের সঙ্গে সেই চিত্রে বদল এসেছে। এবার মিমির নতুন ছবি ‘তাণ্ডব’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী। সেই বার্তার উত্তরে শুভশ্রীকে বিশেষ সম্বোধন করে ভালোবাসা জানিয়েছেন মিমি। দুই অভিনেত্রীর এই সৌজন্য বিনিময়ে ফের আলোচনায় তাঁদের সম্পর্ক।

ডিসেম্বর মাস মিমি চক্রবর্তীর কেরিয়ার ও ব্যক্তিগত জীবন—উভয় দিক থেকেই বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একদিকে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন, অন্যদিকে বড়পর্দায় আসছে নতুন ছবি ‘তাণ্ডব’। রাজ চক্রবর্তীর প্রযোজনায় এই ছবির মাধ্যমে প্রায় এক দশক পর ফের একসঙ্গে কাজ করছেন রাজ ও মিমি। অতীতে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ ও ‘কাটমুণ্ডু’-র মতো ছবিতে এই জুটিকে দেখেছেন দর্শক। ছবিটির নিবেদক হিসেবে যুক্ত রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’-এর প্রথম পোস্টার, যেখানে সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন মিমি। চেনা গ্ল্যামারাস ছবির বদলে তাঁকে দেখা গেছে এক লড়াকু মায়ের ভূমিকায়। এলোমেলো চুল, সাধারণ সালোয়ার ও পিঠে ব্যাগ নিয়ে বুকে দুধের শিশুকে আগলে রেখেছেন তিনি। মুখে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে আতঙ্কের আড়ালে প্রতিরোধের ইঙ্গিত স্পষ্ট। পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেওয়ালে পিঠ ঠেকলে, তাণ্ডব হবেই!’ এক মায়ের সংগ্রামের গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।

নিজের সমাজমাধ্যমে পোস্টারটি ভাগ করে নেন মিমি। সেখানে মন্তব্য করে শুভশ্রী লেখেন, ‘এই সিনেমাটার জন্য আমি ভীষণ উত্তেজিত।’ জবাবে শুভশ্রীকে ‘ম্যাডাম প্রোডিউসার’ সম্বোধন করে ভালোবাসা জানান মিমি। দুই অভিনেত্রীর এই ছোট্ট বার্তা বিনিময় নজর কেড়েছে নেটপাড়ায়।

মিমি ও শুভশ্রীর সম্পর্কের ওঠাপড়া টলিউডের অজানা নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির অতীত সম্পর্ক এবং পরবর্তীতে রাজ ও শুভশ্রীর বিয়ের পর তাঁদের দূরত্ব নিয়ে নানা চর্চা হয়। তবে সাম্প্রতিক সময়ে সেই তিক্ততার জায়গা নিয়েছে সৌজন্য ও পারস্পরিক সম্মান। রাজ ও শুভশ্রীর সন্তান ইউভান ও ইয়ালিনীর জন্মের সময় শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছিলেন মিমি; আবার মিমির জন্মদিনেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন শুভশ্রী। ২০২৫ সালে একটি বিজ্ঞাপনের কাজেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

এবার ‘তাণ্ডব’-এর পোস্টার ঘিরে শুভশ্রীর উচ্ছ্বাস এবং মিমির পাল্টা শুভেচ্ছা সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করল। ছবিটির সঙ্গে শুভশ্রীর নিবেদক হিসেবে যুক্ত থাকার বিষয়টিও এই শুভেচ্ছাকে বিশেষ তাৎপর্য দিয়েছে। ডিসেম্বরে ‘তাণ্ডব’ মুক্তি পেলে পর্দায় তা কতটা সাড়া ফেলে তা যেমন দেখার, তেমনই বাস্তবের টলিপাড়ায় মিমি-শুভশ্রীর এই ইতিবাচক সমীকরণও এখন আলোচনার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *