‘চান্স নেওয়াটা কি ভুল?’- আলো নিভতেই সৃজলাকে নিয়ে জীতুর বড় মন্তব্য, উঠল শনের প্রসঙ্গ!

বিগ বস বাংলার ঘরে শেষ মনোনয়ন পর্ব ঘিরে মঙ্গলবার ছিল টানটান উত্তেজনা। তবে মনোনয়নের হিসাব ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে অন্য একটি ঘটনা। রাতের অন্ধকারে আলো নিভতেই সৃজলা গুহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায় জীতু কমলকে। সেই কথোপকথনে বারবার উঠে আসে সৃজলার জীবনের আর এক চর্চিত নাম শন বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ায় সৃজলা ও শনের ঘনিষ্ঠতার কথা অনেকেরই জানা থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি অভিনেত্রী। তবে বিগ বসের ঘরে জীতুর সঙ্গে তাঁর নানা মুহূর্ত ও কথাবার্তা নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সৃজলার প্রতি নিজের ভালো লাগার কথা আগেও স্পষ্ট করেছেন জীতু। সৃজলার কাছ থেকে সেভাবে সাড়া না মিললেও সাম্প্রতিক দিনে তাঁদের ঘনিষ্ঠতা দর্শকদের নজর এড়ায়নি। কখনও হাত ধরে থাকা, কখনও মাথায় হাত বুলিয়ে দেওয়া, আবার কখনও নিজের চশমা শাড়ির আঁচল দিয়ে মুছে দেওয়ার মতো মুহূর্ত দু’জনের সমীকরণ নিয়ে জল্পনা বাড়িয়েছে।

মঙ্গলবার রাতে সেই সমীকরণ নিয়েই সৃজলার সঙ্গে কথা বলেন জীতু। কথার শুরুতেই জীতু জানতে চান, সৃজলা কি শেষ পর্যন্ত তাঁর জীবনে থাকা সেই মানুষটির সঙ্গেই থাকবেন? জবাবে সৃজলা জানান, সেটাই হয়তো বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে। এরপরই জীতুর দাবি, সৃজলা স্বাধীনচেতা মানুষ হওয়ায় অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে দীর্ঘদিন সংসার করা তাঁর পক্ষে কঠিন হতে পারে। নিজের এই অনুমান নিয়ে তিনি বেশ দৃঢ় বলেও জানান।

সৃজলাকে জীবনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়ে জীতু আরও বলেন, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সৃজলা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। নিজের অনুভূতির কথা তুলে ধরে তিনি জানান, সৃজলার প্রতি তাঁর টান অনেক বেশি। তুলনায় সৃজলার জীবনে থাকা মানুষটির প্রতিক্রিয়ায় তেমন আবেগের প্রকাশ তিনি দেখেননি বলে দাবি করেন জীতু। যদিও কারও সম্পর্কে খারাপ কথা বলতে চান না বলেও স্পষ্ট করেন তিনি।

জীতুর মতে, সৃজলাকে সামলানোর জন্য পরিণত মনের মানুষের প্রয়োজন, কারণ রোজকার জীবনে মতের অমিল হওয়া স্বাভাবিক। চাইলে দু’বছর এই সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা সামনে আসবেই বলে ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে, বেশিরভাগ সময় সংযত থেকে ছোট জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করেন সৃজলা। জীতুর কথার মাঝেই তাঁর প্রশ্ন, “চান্স নেওয়াটা কি ভুল?” আবার জীতুর কয়েকটি মন্তব্যে আপত্তি জানিয়ে এমনটা হবে না বলেও জানান তিনি।

কথোপকথনের শেষদিকে কিছুটা অভিমানের সুরে জীতু বলেন, সৃজলা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন, আর তিনি নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করবেন। বিগ বসের ঘরে আর মাত্র বারো দিন বাকি থাকায় হয়তো কিছুটা তাড়াহুড়ো করছেন বলেও স্বীকার করেন অভিনেতা। সব মিলিয়ে, শনের প্রসঙ্গ টেনে জীতুর এই কথাবার্তা নিছক অভিমান নাকি গভীর অনুভূতির প্রকাশ, তা নিয়ে দর্শক ও নেটপাড়ায় জোর আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *