মাস শেষের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে পকেট? রান্নাঘরের এই ৬ বাস্তু ভুলই কি কারণ?

হাতে টাকা এলেও মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে? হিসেব কষেও খরচ সামলানো যাচ্ছে না? এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্রের দিকে নজর দেওয়া যেতে পারে। বাস্তুমতে, সংসারের আর্থিক স্বচ্ছলতা এবং সুখ-স্বাচ্ছন্দ্যের সঙ্গে রান্নাঘরের পরিবেশের গভীর যোগ রয়েছে। হেঁশেলের কিছু সাধারণ ভুলেই অজান্তে বাধা তৈরি হতে পারে আর্থিক সমৃদ্ধিতে এবং বাড়তে পারে অনাবশ্যক খরচ। দেখে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের সেই ৬টি ভুল কী কী।
প্রথমত, রাতে মাখা আটা বাসন চাপা দিয়ে সারারাত রান্নাঘরে ফেলে রাখা বাস্তুমতে ঠিক নয়। এর ফলে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে এবং আর্থিক টানাপোড়ন তৈরি হতে পারে বলে মনে করা হয়।
দ্বিতীয়ত, রান্নাঘরে দীর্ঘদিন আবর্জনা জমিয়ে রাখা উচিত নয়। ডাস্টবিন অবশ্যই ঢেকে রাখতে হবে এবং নিয়মিত তা পরিষ্কার করা প্রয়োজন। আবর্জনা জমলে ঘরের ইতিবাচক শক্তি কমে গিয়ে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
তৃতীয়ত, রান্নাঘরে ওষুধ রাখা শুভ নয় বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। আলমারি বা ফ্রিজের পাশে ওষুধ রাখলে পরিবারে অসুস্থতা বাড়তে পারে এবং তার জেরে চিকিৎসার খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ওষুধের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা উচিত।
চতুর্থত, বেসিনে এঁটো বাসন ফেলে রাখা এড়িয়ে চলা ভালো। বিশেষ করে রাতের খাবারের পর সারারাত এঁটো বাসন জমিয়ে রাখলে নেতিবাচক শক্তি আকৃষ্ট হয় এবং সংসারে অর্থনৈতিক চাপ বাড়তে পারে।
পঞ্চমত, রান্নাঘরে গ্যাস ওভেনের ঠিক সামনে আয়না লাগানো উচিত নয়। বাস্তুশাস্ত্রে এ বিষয়ে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে, যা মেনে চললে ঘরের ভারসাম্য বজায় থাকে।
ষষ্ঠত, ভাঙা বা ফাটা কাপ, প্লেট কিংবা গ্লাস রান্নাঘরে জমিয়ে রাখা ঠিক নয়। এ ধরনের বাসনপত্র দ্রুত সরিয়ে ফেলাই বাস্তুমতে শ্রেয়।