ব্যাড বয়’ নয়, আজও ‘পুকি’! বাদশাকে নিয়ে আবেগঘন পোস্ট শ্রেয়া ঘোষালের

সম্প্রতি শ্রেয়া ঘোষালের কনসার্টে হাজির হয়েছিলেন বাদশা। সেখানেই প্রথমবার দর্শকদের সামনে একসঙ্গে পারফর্ম করলেন দুই শিল্পী। এবার সেই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে বাদশাকে ঘিরে আবেগঘন বার্তা দিলেন শ্রেয়া।

শ্রেয়া ঘোষালের ‘দ্য আনস্টপেবল ট্যুর’-এর বেঙ্গালুরু পর্বে হাজির হয়েছিলেন বাদশা। প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠানটি, আর সেখানে বাদশার উপস্থিতি দর্শকদের কাছে ছিল বড় চমক। দুজন একসঙ্গে তাঁদের সাম্প্রতিক গান ‘মাহিয়া’ পরিবেশন করেন। স্টুডিওতে একসঙ্গে কাজ করলেও এই প্রথম দর্শকদের সামনে একই মঞ্চে গানটি গাইলেন তাঁরা।

শ্রেয়ার পোস্টে বাদশার প্রশংসা শুধু গান নয়, মঞ্চে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নজর কেড়েছে দর্শকদের। র‍্যাপারকে নিয়ে মজার ছলে শ্রেয়া জানান, নিজেকে ‘ব্যাড বয়’ বললেও আদতে তিনি বেশ মিষ্টি স্বভাবের মানুষ। ইনস্টাগ্রামে পারফরম্যান্সের ভিডিও ভাগ করে শ্রেয়া লেখেন, স্টুডিওতে একসঙ্গে কাজ করার সময় তাঁরা যেমন উপভোগ করেছেন, তেমনই ‘মাহিয়া’ প্রথমবার লাইভে গাওয়ার অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম।

এর পরেই বাদশার প্রশংসায় পঞ্চমুখ হন গায়িকা; তাঁকে ‘সবচেয়ে বড় সুপারস্টার’ বলে উল্লেখ করেন শ্রেয়া। তবে এত জনপ্রিয়তার পরেও বাদশার মধ্যে যে শিশুসুলভ মিষ্টি স্বভাব রয়েছে, সেটিও তুলে ধরেন তিনি। মজার ছলে লেখেন, এত বড় সুপারস্টার হয়েও বাদশা তাঁদের কাছে এখনও ‘পুকি’। শেষে র‍্যাপারের প্রতি ভালোবাসাও প্রকাশ করেন গায়িকা।

আবেগপ্রবণ বাদশা ও ‘মাহিয়া’ প্রসঙ্গ অনুষ্ঠানে বাদশাও নিজের দীর্ঘ সংগীতজীবনের কথা তুলে ধরেন। প্রায় ২০ বছর ধরে সংগীতের সঙ্গে যুক্ত তিনি; তাঁর কথায়, এত বছর ধরে তাঁর একটাই স্বপ্ন ছিল, মানুষ যেন তাঁকে একজন সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি দেন। শ্রেয়ার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়া তাঁর কাছে তাই বিশেষ মুহূর্ত। বাদশার মতে, শ্রেয়া শুধু তাঁকে মঞ্চে জায়গা দেননি, সংগীতের জগতেও তাঁকে স্বীকৃতি দিয়েছেন।

এই কথাগুলি বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন র‍্যাপার এবং এরপর শ্রেয়ার সঙ্গে আলিঙ্গনেও দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, ২০২৬ সালের ৪ নভেম্বর মুক্তি পেয়েছে শ্রেয়া ঘোষাল ও বাদশার গান ‘মাহিয়া’, যার কথা ও সুর বাদশারই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *