টানেল বোরিং মেশিন এবার দেশেই! পীযূষ গোয়েলের হুঁশিয়ারির ২২ দিনের মাথায় বড় পদক্ষেপ

গত ৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ক্ষোভের সঙ্গে বলেছিলেন, চিন যদি টানেল বোরিং মেশিন না দেয়, তাহলে ভারত তাদের কাছে হাত পাততে যাবে না এবং নিজেরাই এই মেশিন তৈরি করবে। উন্নয়নের পথে কেউ ভারতকে আটকাতে পারবে না এবং কৌশলগত স্বার্থের সঙ্গে আপস করা হবে না বলেও জানিয়েছিলেন তিনি। এর ঠিক ২২ দিন পর, ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ধরনের মেশিন তৈরির জন্য একটি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে এবং বরাদ্দ করেছে ১১ হাজার কোটি টাকা। চিনের টালবাহানার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

বর্তমানে রাস্তা, হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং পাহাড় কেটে টানেল তৈরির কাজে টানেল বোরিং মেশিনের পাশাপাশি বিপুল সংখ্যায় ক্রেন ও বুলডোজার প্রয়োজন হচ্ছে। ভারত নিজে প্রচুর ক্রেন-বুলডোজার তৈরি করলেও এখনও প্রায় ৪৫ শতাংশ যন্ত্রপাতি চিনের মতো দেশ থেকে আমদানি করতে হয়। সরবরাহ বন্ধ হলে ভারতের উন্নয়ন থমকে যাবে—এমন ধারণা থেকেই চিন টানেল বোরিং মেশিন দিতে টালবাহানা করেছিল বলে মনে করা হচ্ছে।

কী করতে চলেছে ভারত? নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট (CIE) ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম প্রোমোশন স্কিম’। এর লক্ষ্য হলো দেশে টানেল বোরিং মেশিন, ক্রেন এবং বুলডোজারের মতো ভারী যন্ত্রপাতি ও সেগুলির যন্ত্রাংশ তৈরি করা। দেশের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি এই যন্ত্রপাতি রফতানির পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে এ ধরনের যন্ত্রপাতি কিনতে ভারত ৯৭,৫০০ কোটি টাকা খরচ করে, যার মধ্যে ৪৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। যুদ্ধ, সরবরাহ শৃঙ্খলের সমস্যা বা বিদেশি সরবরাহকারীদের টালবাহানায় সময়মতো মেশিন না মেলায় পরিকাঠামো নির্মাণের কাজ থমকে যায়। সরকারি অনুমান অনুযায়ী, ২০২৯–৩০ অর্থবর্ষের মধ্যে এই বাজার দ্বিগুণেরও বেশি বেড়ে ২,২৮,১০০ কোটি টাকায় পৌঁছবে; সেই চাহিদার কথা মাথায় রেখেই প্রকল্পটি আনা হয়েছে।

কোন কোন যন্ত্র ও যন্ত্রাংশে জোর? এই প্রকল্পের আওতায় সাতটি শ্রেণির যন্ত্রপাতি দেশে তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যেগুলি বর্তমানে সম্পূর্ণভাবে বা বড় অংশে আমদানি করা হয়। এর মধ্যে রয়েছে:

  • টানেল বোরিং মেশিন

  • অফ-হাইওয়ে ট্রাক

  • হাইড্রোলিক এক্সক্যাভেটর

  • শিপ-টু-শোর ক্রেন

  • লোডার

  • পাইলিং রিগ

  • ড্রিলিং মেশিন

পাশাপাশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে আত্মনির্ভর হতে পাঁচটি বিশেষ শ্রেণিকে প্রকল্পে যুক্ত করা হয়েছে—ইঞ্জিন, ট্রান্সমিশন, হাইড্রোলিক সিস্টেম, আন্ডারক্যারেজ এবং ড্রাইভ সিস্টেম। এর ফলে সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত থাকবে এবং বিদেশের ওপর নির্ভরতা কমবে।

আট বছরের সময়সীমা ও প্রকল্পের কাঠামো প্রকল্পটি আট বছরের জন্য তৈরি করা হয়েছে এবং ২০২৬–২৭ থেকে ২০৩৩–৩৪ অর্থবর্ষ পর্যন্ত চলবে। প্রথম দু’বছর (২০২৬–২৭ ও ২০২৭–২৮) কারখানা তৈরির সময় দেওয়া হবে; এরপর ২০২৮–২৯ থেকে ২০৩২–৩৩ পর্যন্ত পাঁচ বছর উৎসাহভাতা দেওয়া হবে এবং শেষ বছর (২০৩৩–৩৪) বকেয়া উৎসাহভাতার নিষ্পত্তি হবে।

প্রকল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে বিক্রির সঙ্গে যুক্ত উৎসাহভাতা বা সেলস-লিঙ্কড ইনসেনটিভ (SLI)। যোগ্য যন্ত্রপাতি নির্মাতা (OEM) ও যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থাগুলি দেশে উৎপাদন ও অতিরিক্ত বিক্রির ভিত্তিতে পুরস্কার পাবে, যেখানে পাঁচ বছরে উৎসাহভাতার হার ১৩ শতাংশ থেকে কমে ৮ শতাংশ হবে।

দ্বিতীয় ভাগে দেশেই পরীক্ষার পরিকাঠামো গড়ে তুলতে অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-কে সর্বোচ্চ ৩৭৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে। ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিংয়ের মাধ্যমে অত্যাধুনিক পরীক্ষার ব্যবস্থা তৈরি করা হবে, যাতে শংসাপত্রের জন্য বিদেশের ওপর নির্ভর করতে না হয়।

সরকারি হিসাব অনুযায়ী, এই পদক্ষেপগুলি কার্যকর হলে প্রকল্পের মেয়াদে প্রায় ২১,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ আসতে পারে এবং দেশে তৈরি যন্ত্রপাতির মাধ্যমে প্রায় ২২,৫০০ কোটি টাকার আমদানির বিকল্প তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *